কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা, জারি কমলা সতর্কতা, আজ বৃষ্টির দাপটে ফের ডুববে কি কলকাতা!

আবহাওয়া কলকাতা রাজ্য শহর

নিউজপোল ব্যুরো: কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। তার মধ্যেই আজ, বুধবার, ফের বড়সড় দুর্যোগের আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় কয়েকটি জেলায় কমলা সতর্কতা, আবার বেশ কিছু এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ফলে আজকের দিনটি নিয়ে বাড়ছে উদ্বেগ।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়াতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধু আজই নয়, আগামী কয়েকদিনও আবহাওয়ার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। ১৪ অগস্ট পর্যন্ত হলুদ সতর্কতা জারি থাকার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও সতর্কতা জারি করা হয়েছে। ফলে রাজ্যের দুই প্রান্তেই এখন নজর আবহাওয়ার দিকে। বিশেষ করে নিচু এলাকা, নদী তীরবর্তী অঞ্চল এবং ইতিমধ্যেই জল জমে থাকা জায়গাগুলিতে নতুন করে বৃষ্টি হলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। গত কয়েকদিনের বৃষ্টির ছবিও খুব একটা স্বস্তির নয়। কলকাতা এবং আশপাশের বিভিন্ন এলাকায় জল জমে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। উত্তর ও মধ্য কলকাতার একাধিক রাস্তা ও গলিতে জল দাঁড়িয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হয়েছে বাসিন্দাদের। নিচু এলাকার পাশাপাশি বেহালার মতো এলাকাতেও জল ঢোকার খবর মিলেছে। রাস্তায় জল জমে যান চলাচল ব্যাহত হয়েছে, সমস্যায় পড়েছেন অফিসযাত্রী থেকে সাধারণ মানুষ।

বৃষ্টির জেরে বাঁকুড়াতেও পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের। দ্বারকেশ্বর নদে জলস্তর বেড়ে যাওয়ায় শহরের কাছে মীনাপুর সেতু জলের তলায় চলে যায়। সেতুর উপর দিয়ে প্রায় পাঁচ ফুট উচ্চতায় প্রবল স্রোতে জল বইতে থাকায় সেখানে যান চলাচল বন্ধ করে দিতে হয়েছিল। এর ফলে আশপাশের একাধিক গ্রামের মানুষের যাতায়াতে বড় সমস্যা তৈরি হয়।