ভোটার স্লিপ বিলিতে এবার বাধ্যতামূলক ‘দুয়ারে BLO’, কড়া বার্তা নির্বাচন কমিশনের

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার স্লিপ বিতরণে আরও কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়া এখনও সম্পূর্ণ না হওয়ায় এবং ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে অনিশ্চয়তা থাকায়, ফের একবার বুথ লেভেল অফিসারদের (BLO) উদ্দেশে স্পষ্ট ও কঠোর বার্তা দিল কমিশন।

আরও পড়ুন: University Exams: ক্লাস ছাড়াই পরীক্ষার অভিযোগে উত্তাল ক্যাম্পাস, পিছোল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমেস্টার পরীক্ষা

SIR শুরু হওয়ার পর থেকেই একাধিক সময়ে BLO-দের একাংশ কমিশনের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন। কখনও অতিরিক্ত কাজের চাপ, কখনও আবার পারিশ্রমিক সংক্রান্ত অভিযোগ তুলে তাঁরা সরব হয়েছেন। এই আবহেই ভোটার স্লিপ বিতরণ নিয়ে নতুন নির্দেশিকা জারি করা হল।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এবার কমিশনের নিজস্ব লোগোযুক্ত ভোটার স্লিপ বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা বাধ্যতামূলক। ওই স্লিপে ভোটারের নাম, বয়স, ঠিকানা, এপিক নম্বর, পার্ট নম্বর, বুথ নম্বর এবং যে বুথে তিনি ভোট দেবেন তার পূর্ণ বিবরণ উল্লেখ থাকবে। ২০১৮ সালেই কমিশন নির্দেশ দিয়েছিল যে ভোটার স্লিপ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব BLO-দেরই। তবে বাস্তবে এতদিন ভোটের সময় রাজনৈতিক দলের কর্মীরাই মূলত এই কাজ করে এসেছে।

এবার নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে কমিশন নিজেদের পুরনো নির্দেশিকাকেই কঠোরভাবে কার্যকর করতে চাইছে। নতুন নির্দেশ অনুযায়ী, যদি কোনও ভোটারের বাড়িতে সংশ্লিষ্ট বিএলও ভোটার স্লিপ পৌঁছে না দেন, তাহলে সেই ভোটার ১৯৫০ নম্বরে ফোন করে সরাসরি কমিশনে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট BLO-র বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশন জানিয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole