নিউজ পোল ব্যুরো: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়–এর আবেদনে সাড়া দিয়ে অবশেষে এসআইআর –এর প্রতিবাদে চলা দীর্ঘ অনশন প্রত্যাহারের ঘোষণা দিলেন রাজ্যসভার সাংসদ ও মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর। তিনি জানান, আগামীকাল অর্থাৎ সোমবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে অনশন তুলে নেওয়া হবে।
মমতাবালা ঠাকুর পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে, এসআইআর নিয়ে মতুয়া সমাজের উদ্বেগকে হালকা করে দেখা যাবে না। তা।র কথায়, এসআইআর প্রক্রিয়ার নামে যদি কোনও অন্যায় বা বৈষম্য ঘটে, তা কোনওভাবেই সহ্য করা হবে না। মতুয়ারা আশঙ্কা করছেন, এই নথিভুক্তকরণ প্রক্রিয়ার ফলে বহু মানুষের নাম বাদ পড়তে পারে এবং ভবিষ্যতে নাগরিকত্ব নিয়ে জটিলতার সৃষ্টি হতে পারে। সেই আশঙ্কা থেকেই তাদের আন্দোলন তীব্র হচ্ছিল। ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে বহুদিন ধরে আমরণ অনশনে বসেছিলেন মমতাবালাপন্থী মতুয়ারা। যদিও বিশেষ কারণবশত ১৫ জন অনশনকারীর একটি অংশ কয়েকদিন আগেই অনশন তুলে নিয়েছিলেন, তবু মমতাবালা ঠাকুর-সহ ১০ জন তাদের দাবিতে অটল থেকে অনশন চালিয়ে যাচ্ছিলেন।
এই অবস্থায় রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি এবং বার্তা নিয়ে তৃণমূলের একটি প্রতিনিধি দল পৌঁছায় ঠাকুরবাড়িতে। এরপর পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। রাতেই অনশন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মমতাবালা ঠাকুর। তার বক্তব্য, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চিঠিকে সম্মান জানিয়ে এবং তার আশ্বাসকে গুরুত্ব দিয়ে আমরা অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।” তবে অনশন শেষ মানেই আন্দোলন থেমে যাওয়া নয়—এটাও স্পষ্ট করে দেন তিনি। জানান, মতুয়া সমাজের স্বার্থ রক্ষায় এবার তারা আরও বৃহত্তর গণআন্দোলনে নেমে পড়বেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অন্যদিকে, এসআইআর নিয়ে বিজেপির অন্দরেও মতভিন্নতা দেখা যাচ্ছে। মতুয়া মহাসংঘের অন্য সংঘাধিপতি শান্তনু ঠাকুর ইতিমধ্যেই বলেছেন যে, কারও নাম এসআইআরে বাদ পড়লে তাদের নাগরিকত্ব দিতে প্রয়োজনে সিএএ (CAA) প্রয়োগ করা হবে। কিন্তু এই আশ্বাসে মতুয়া জনমনে উদ্বেগ কমেনি। বরং সময় যত এগোচ্ছে, আশঙ্কা আরও বাড়ছে। রাজনৈতিক মহলের মতে, এসআইআর ইস্যু মতুয়া ভোটব্যাঙ্কে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে এবং তা আসন্ন নির্বাচনে এক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে।
