নিউজ পোল ব্যুরো: বাঙালির দুর্গোৎসব (Durgapuja 2025) মানেই আনন্দ, ভিড়, শপিং আর ভ্রমণ—সব একসাথে। আর এই পুজোয় শহরের জনজীবন যাতে নির্বিঘ্ন থাকে, তা নিশ্চিত করতে বড়সড় ঘোষণা করল পরিবহন দফতর। সাংবাদিক সম্মেলনে পরিবহণমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী (Snehashis Chakraborty) জানালেন, এবারের পুজোয় ‘শপিং স্পেশাল’ ও ‘নাইট সার্ভিস’ বাস চালু (Durga Puja Special Bus) করা হচ্ছে WBTC-র তরফে। দূর-দূরান্ত থেকে কলকাতায় (Kolkata) আসা যাত্রীদের কথা মাথায় রেখে হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে সরাসরি বিভিন্ন মার্কেটমুখী বাস চালানো হবে।
পঞ্চমী থেকেই শুরু হচ্ছে ‘নাইট সার্ভিস’। যাত্রীদের যাতে ভিড় ও যানজটে পড়তে না হয়, তাই স্টেশন থেকে নানা রুটে বাড়ানো হবে বাসের ফ্রিকোয়েন্সি। এবার প্রায় ২৫টি বিশেষ রুটে চালানো হবে বাস। স্নেহাশীষ চক্রবর্তী জানিয়েছেন, “গত বছর এই পরিষেবায় ২২ লক্ষ টাকা রাজস্ব আয় হয়েছিল, এবছর আরও বাড়বে আশা করছি।”
পুজোর পরে রাজ্যবাসীর জন্য WBTC আনছে প্রায় ৪৯২টি নতুন বাস। যার মধ্যে ২০০টি সিএনজি বাস ও ২৯২টি ডিজেল বাস। সেই সঙ্গে ১৫ বছরের পুরনো অথচ ভালো অবস্থায় থাকা বাসগুলোকেও যাতে চালু রাখা যায়, তার জন্য হাইকোর্টে আবেদন করা হচ্ছে।
যাত্রী কমে যাচ্ছে ৬০%, বন্ধ হচ্ছে কিছু রুট
পরিবহন মন্ত্রীও জানিয়েছেন, “মেট্রো, প্লে বাস ও অটোর দাপটে বাস যাত্রী ৬০% পর্যন্ত কমে গিয়েছে।” ফলে অনেক বেসরকারি বাস রুট বন্ধ হচ্ছে। হাওড়া-শিয়ালদহ মেট্রো চালু হওয়ার পর ঐ রুটের বাসগুলোর পুনর্বিন্যাস নিয়ে কাজ চলছে, WBTC-কে ১০ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
ট্রাম আর নয়, অটো-টোটোতে লাগাম
মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “ট্রাম আর চালাতে চায় না রাজ্য সরকার। যানজট এড়াতে কোর্টে মত জানানো হয়েছে।” অটো-টোটোর দাদাগিরি রুখতে পুলিশের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে। এবারের পুজোতে শহর কলকাতার রাস্তায় থাকবে কড়া নজরদারি, নিরবচ্ছিন্ন বাস পরিষেবা আর সচল যাত্রাপথ—যাতে উৎসবের আনন্দে ব্যাঘাত না ঘটে কোনওভাবেই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
