Monsoon HairCare: বাহ্যিক যত্নের সাথে চুলের দরকার সঠিক পুষ্টি, আজই খাদ্যতালিকায় যোগ করুন এই খাবারগুলি

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: দেখতে দেখতে তীব্র দাবদাহ কাটিয়ে আমরা বর্ষার আভাস পেয়েছি কিছুটা হলেও। বর্ষাকালে (Monsoon) প্রকৃতি যেন নতুন করে নিজের রূপ মেলে ধরে। চারিদিকে রিমঝিম বৃষ্টির শব্দে ধীরে ধীরে মুছে যায় শহরের বুকে জমে থাকা সমস্ত মন খারাপ। গাছের পাতা যেন বৃষ্টির জল পেয়ে হয়ে ওঠে আরও সবুজ।

আরও পড়ুন:Monsoon Tips: বৃষ্টিতে ভিজতে ভাললাগে? কিন্তু এই ভাললাগাকে প্রশ্রয় দিতে গিয়ে ক্ষতি করছেন নিজের চুলের

কিন্তু বর্ষা অনেকের পছন্দের ঋতু হলেও এই ঋতু আমাদের চুলের জন্যে মোটেও খুব একটা ভাল নয়। এই সময় চুলের রুক্ষতা বেড়ে যায়, চুল আঠালো হয়ে যায়, চুলে জট পড়ে, খুশকির পরিমাণ বাড়ে। আর এসবের সাথে পাল্লা দিয়ে চুল পড়া শুরু হয়। তাই এই সময় শুধু বাহ্যিক যত্ন নিলে আপনি আপনার সমস্যা থেকে মুক্তি পাবেন না। এর জন্য পাল্টাতে হবে আপনার খাদ্যাভ্যাস। পুষ্টিকর খাবার এবং চুলের সঠিক যত্ন নিলে কিছুটা হলেও এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

১. আয়রন, প্রোটিন ও ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার
চুল মূলত কেরাটিন নামক প্রোটিন দিয়ে তৈরি। এই প্রোটিনের অভাব দেখা দিলে চুলের নানারকম সমস্যার সৃষ্টি হয়। তাই খাদ্যতালিকায় মাছ, মাংস, ডিম ঘুরিয়ে ফিরিয়ে রাখুন। আর এছাড়াও কলা, বেদনা, সবুজ শাকসবজি শরীরের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রেখে চুলের গোড়ায় অক্সিজেনের জোগান দেয়। এতে চুল পড়া কমে।

২. ভিটামিন সি সমৃদ্ধ ফল
শরীরে ভিটামিন সি কম হলে তার প্রভাব চুলের ওপর পড়ে। তাই নিয়মিত সকালে গরম জলে লেবুর রস দিয়ে খেতে পারেন। এছাড়াও আমলকী, পেয়ারা, পেঁপে ও কমলালেবু খেলে চুলের স্বাস্থ্য ভাল থাকবে।

৩. বাদাম ও বীজ
আজই খাদ্যতালিকায় কাঠবাদাম, আখরোট, মিষ্টি কুমড়ার বীজ, তিসির বীজ যোগ করুন। এগুলির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক এবং ভিটামিন ই যা আমাদের চুলের জন্য ভাল।

এসবের সাথে আপনাকে অবশ্যই নিজের শরীরের হাইড্রেশন বজায় রাখতে হবে। প্রতিদিন অন্তত ৭-৮ গ্লাস জল পান করুন। এতে আপনার শরীরের সমস্ত টক্সিন বের হয়ে শরীর ও চুল উভয়ই সুস্থ থাকবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole