নিউজ পোল ব্যুরো: ক্যানসার আক্রান্ত রোগীদের ক্ষেত্রে খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই রোগে আক্রান্ত হলে যেকোনও কিছু ইচ্ছে মতো খাওয়া যায় না। চিকিৎসা চলাকালীন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) অনেকটাই কমে যায়। বিশেষ করে কেমোথেরাপি (Chemotherapy) ও রেডিয়েশন থেরাপি শরীরকে দুর্বল করে তোলে। এর ফলে সংক্রমণ, ডায়ারিয়া, কোষ্ঠকাঠিন্য, বমি বমি ভাব, খাবারে অরুচি ও অতিরিক্ত ক্লান্তির মতো নানা সমস্যা দেখা দিতে পারে। এই সময় কী খাবেন আর কী খাবেন না—এই প্রশ্নে রোগী ও তার পরিবার প্রায়ই বিভ্রান্ত হয়ে পড়েন।
এই প্রসঙ্গে ক্যানসার বিশেষজ্ঞ সন্দীপ গঙ্গোপাধ্যায় জানাচ্ছেন, সমাজমাধ্যমে প্রচারিত নানা খাদ্যসংক্রান্ত তথ্য অনেক সময় রোগীদের ভুল পথে চালিত করে। তাই চিকিৎসা চলাকালীন খাদ্যাভ্যাস নির্ধারণের ক্ষেত্রে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শই অনুসরণ করা উচিত। আমেরিকান সোসাইটি অফ ক্লিনিক্যাল অনকোলজি (American Society of Clinical Oncology) অনুযায়ী, একজন সুস্থ মানুষ যে ধরনের খাবার খেতে পারেন, ক্যানসার রোগীরাও সাধারণত সেই খাবারই খেতে পারেন—যদি না চিকিৎসক আলাদা করে কিছু নিষেধ করেন।
ক্যানসার রোগীদের খাবার নিয়ে সমাজে বেশ কিছু ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে। অনেকেই মনে করেন, কম কার্বোহাইড্রেট বা কম চিনি যুক্ত খাবার খেলেই চিকিৎসা আরও কার্যকর হবে। কিন্তু এই দাবির পক্ষে এখনও কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। আবার কেউ কেউ ভাবেন, উপোস করলে ক্যানসার নিয়ন্ত্রণে থাকে—এই ধারণাও সম্পূর্ণ ভুল। প্রোটিন বা অম্লজাতীয় খাবার এড়িয়ে চলা উচিত, কিংবা চিকিৎসা চলাকালীন দুধ খাওয়া নিষেধ—এই সব কথারও কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে জানাচ্ছেন চিকিৎসক।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
তবে কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করা জরুরি। ফ্রিজে রাখা খাবার অবশ্যই ভাল করে গরম করে খেতে হবে। ডায়াবিটিস না থাকলে ক্যানসার রোগীরা যে কোনও ফল খেতে পারেন, তবে ফল ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নেওয়া আবশ্যক, যাতে ফলের গায়ে লেগে থাকা কীটনাশক বা রাসায়নিক শরীরে প্রবেশ না করে। পাশাপাশি চিকিৎসা চলাকালীন বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভাল, কারণ সেগুলি স্বাস্থ্যবিধি মেনে প্রস্তুত হয়েছে কি না, তা নিশ্চিত করা যায় না। বাইরে খাওয়ার ইচ্ছে হলে বাড়িতে স্বাস্থ্যকর উপায়ে রান্না করা খাবারই সবচেয়ে নিরাপদ।সঠিক পুষ্টি (Nutrition) ও চিকিৎসকের পরামর্শ মেনে চলাই ক্যানসার চিকিৎসার সময়ে সুস্থ থাকার অন্যতম চাবিকাঠি।
