নিউজ পোল ব্যুরো: নতুন বছরে ওজন কমানোর কথা ভাবলেই অনেকের মনে ভেসে ওঠে কড়া ডায়েট আর কঠিন নিয়মের ছবি। কিন্তু যদি বলা হয়, পছন্দের মাছ, মাংস, ডিম, এমনকি অল্প ঘি–মাখন খেয়েও ওজন কমানো সম্ভব—তাহলে? এই ভাবনাকেই সামনে এনেছে জনপ্রিয় ডুকান ডায়েট (Dukan Diet)।
ডুকান ডায়েট (Dukan Diet) মূলত একটি লো-কার্বোহাইড্রেট, হাই-প্রোটিন খাদ্যাভ্যাস। এই ডায়েটের ধারণা প্রথম দেন ফরাসি চিকিৎসক পিয়ের ডুকান। তাঁর নাম থেকেই এই ডায়েটের নামকরণ। এই পদ্ধতিতে ভাত, রুটি বা চিনি দেওয়া খাবার পুরোপুরি বাদ দিয়ে প্রোটিনসমৃদ্ধ খাবার বেশি করে খাওয়ার উপর জোর দেওয়া হয়।
এই ডায়েটে দিনের শুরু হতে পারে সেদ্ধ ডিম বা বেকড ফিশ দিয়ে। দুপুরে গ্রিলড চিকেন, মাছ বা ডিমের সঙ্গে প্রচুর শাকসব্জি। রাতেও হালকা মাছ বা মাংস। শর্ত একটাই—থালায় থাকবে না কার্বোহাইড্রেট। শাকসব্জি থাকবে প্রায় অর্ধেক, বাকি অংশ জুড়ে থাকবে মাছ, মাংস বা ডিম। মিষ্টি, মিষ্টি পানীয় কিংবা ভাত–রুটির কোনও জায়গা নেই এখানে।
ডুকান ডায়েটে স্বাস্থ্যকর ফ্যাট পুরোপুরি নিষিদ্ধ নয়। পরিমিত পরিমাণে ঘি, মাখন বা চিজ় খাওয়া যেতে পারে। দিনে দু’চামচ পর্যন্ত ঘি অনেকেই গ্রহণ করেন। তবে অনেকে আবার চিজ় বা মাখনের বদলে অলিভ অয়েল, বাদাম বা কম তেলে রান্না করা খাবার বেছে নেন।
কার্বোহাইড্রেট কমালে ওজন কমার পিছনে রয়েছে দু’টি কারণ। প্রথমত, শরীরে গ্লুকোজের জোগান কমে গেলে শক্তির জন্য শরীর জমা চর্বি ভাঙতে শুরু করে। এই প্রক্রিয়াকে বলা হয় কিটোসিস। দ্বিতীয়ত, প্রোটিন বেশি খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে, ফলে অকারণে খাওয়ার প্রবণতা কমে। উপরন্তু প্রোটিন হজম করতে শরীরের বেশি ক্যালোরি খরচ হয়।
তবে এই ডায়েটের কিছু ঝুঁকিও আছে। বেশি চর্বিযুক্ত মাংস, রেড মিট বা অতিরিক্ত তেলচর্বি খেলে ক্যালোরি কমার বদলে বেড়ে যেতে পারে। পাশাপাশি দীর্ঘদিন কার্বোহাইড্রেট একেবারে বাদ দিলে শরীর দুর্বল হয়ে পড়তে পারে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, স্বল্প সময়ের জন্য এই ডায়েট কার্যকর হলেও দীর্ঘমেয়াদে তা স্বাস্থ্যকর নয়। কার্বোহাইড্রেটের অভাব মস্তিষ্কের কাজকর্মে প্রভাব ফেলতে পারে এবং অতিরিক্ত প্রোটিন কিডনির উপর চাপ ফেলতে পারে।
তাই বিশেষজ্ঞদের মতে, ডুকান ডায়েট এক–দু’সপ্তাহ অনুসরণ করার পর ধীরে ধীরে ভাত, রুটি, ডালিয়া, কিনোয়া বা ব্রাউন রাইসের মতো ভালো কার্বোহাইড্রেট খাদ্যতালিকায় ফেরানো উচিত। সঙ্গে রাখতে হবে ফল, ডাল, বাদাম, দুধ ও দই। সবচেয়ে ভালো হয় অভিজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ নিয়ে এই ডায়েট শুরু করলে। তাতে ওজন কমার পাশাপাশি স্বাস্থ্যও থাকবে সুরক্ষিত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
