Nepal Flight: নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা! অবতরণের সময় প্রবল ঝাঁকুনিতে রানওয়ে থেকে ছিটকে গেল বুদ্ধ এয়ারের বিমান

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: নেপালে (Nepal) অল্পের জন্য বড়সড় বিমান দুর্ঘটনা এড়ানো গেল। অবতরণের সময় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হলেও শেষ পর্যন্ত প্রাণরক্ষা হয়েছে সব যাত্রী ও উড়ানকর্মীর। শুক্রবার রাতে কাঠমাণ্ডু (Kathmandu) থেকে ভদ্রপুরগামী বুদ্ধ এয়ারের একটি যাত্রীবাহী বিমান (Napal Flight) অবতরণের সময়ে রানওয়ে থেকে পিছলে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে উড়ানটি রানওয়ের বাইরে প্রায় ২০০ মিটার দূরে গিয়ে থেমে যায়। তবে সৌভাগ্যবশত কোনও হতাহতের ঘটনা ঘটেনি। নিরাপদে উদ্ধার করা হয়েছে বিমানে (Nepal Flight) থাকা মোট ৫৫ জনকে।

আরও পড়ুন: Abhishek Banerjee: অভিষেকের মঞ্চে ফিরলেন তিন ‘ভূত’! নতুন বছরে বড় চমক দিয়ে শোরগোল ফেলে দিল তৃণমূল

বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে, ওই উড়ানে (Nepal Flight) ছিলেন ৫০ জন যাত্রী এবং ৫ জন ক্রু সদস্য। রাত প্রায় ন’টা নাগাদ ভদ্রপুর বিমানবন্দরে অবতরণের কথা ছিল উড়ানটির। কিন্তু নামার মুহূর্তেই আচমকা প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। রানওয়েতে চাকা ছোঁয়ানোর পরই বিমানটি সঠিকভাবে ভারসাম্য রাখতে পারেনি। হঠাৎ করেই পিছলে যেতে শুরু করে চাকা, ফলে রানওয়ে ধরে এগোনোর বদলে বাইরে চলে যায় উড়ানটি।

ঘটনাস্থলের কাছেই একটি খাল থাকায় আতঙ্ক আরও বেড়ে যায়। পিছলে যেতে যেতে বিমানটি সেই খালের দিকেই এগোচ্ছিল। তবে খালের একেবারে কিনারায় এসে উড়ানটি থেমে যায়। কয়েক মিটার এগোলেই বড়সড় বিপর্যয় নেমে আসতে পারত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই অল্পের জন্যই ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু হয়। কাঠমাণ্ডু থেকে বিশেষ উদ্ধারকারী দল ভদ্রপুরে পৌঁছয়। দ্রুততার সঙ্গে যাত্রী ও উড়ানকর্মীদের বিমান থেকে নামিয়ে আনা হয়। প্রত্যেককেই সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বিমান সংস্থা। কেউ আহত হননি, এমনকি কাউকে হাসপাতালে ভর্তি করানোরও প্রয়োজন হয়নি।

বুদ্ধ এয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার জেরে বিমানবন্দরের স্বাভাবিক পরিষেবায় বড় কোনও প্রভাব পড়েনি। অন্যান্য উড়ান নির্ধারিত সময়েই চলাচল করেছে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হচ্ছে। বিমানের যান্ত্রিক অবস্থাও খুঁটিয়ে পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, নেপালে অতীতে একাধিক ভয়াবহ বিমান দুর্ঘটনার নজির রয়েছে। পার্বত্য ভূপ্রকৃতি ও প্রতিকূল আবহাওয়ার কারণে এখানে উড়ান পরিচালনা বরাবরই ঝুঁকিপূর্ণ। গত কয়েক বছরে নেপালে ঘটে যাওয়া দুটি বড় বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন প্রায় ৯০ জন। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এবার এই ঘটনায় প্রাণরক্ষা হওয়াকে বড় স্বস্তি হিসেবেই দেখছেন সকলে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- .  https://youtube.com/@thenewspole