নিউজ পোল ব্যুরো: বিধান নগর দক্ষিণ থানার পুলিশ বড়সড় ব্যাঙ্ক প্রতারণার পর্দাফাঁস করে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযোগ, এটিএম ড্রপ বক্স থেকে চেক তুলে তা বিকৃত করে এবং স্বাক্ষর জাল করে আরটিজিএসের (RTGS) মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টে টাকা সরিয়ে নিত এই চক্র। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকা থেকে চার জনকে পাকড়াও করা হয়। আজ ধৃতদের বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সল্টলেকের (Kolkata) এইচএ ব্লকের বাসিন্দা এক মহিলা শুক্রবার সকালে প্রায় ১০ লক্ষ টাকার একটি চেক নিয়ে ব্যাঙ্কে যান সিনিয়র সিটিজেন স্কিমে জমা দেওয়ার উদ্দেশ্যে। ব্যাঙ্কের এক আধিকারিক তাঁর কাছ থেকে চেকটি নিয়ে ড্রপ বক্সে জমা দিতে বলেন। দুপুর গড়িয়ে বিকেল তিনটে নাগাদ ওই মহিলা একটি ই-মেল পান, যেখানে লেখা ছিল তাঁর অ্যাকাউন্ট থেকে আরটিজিএসের মাধ্যমে টাকা স্থানান্তর হয়ে গিয়েছে এবং বেনিফিসিয়ারি হিসেবে অরিন্দম মিত্র নামটি উল্লেখ রয়েছে। বিষয়টি বুঝে তিনি সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে যোগাযোগ করেন।
ব্যাঙ্ক কর্তৃপক্ষ খতিয়ে দেখে জানান, চেকটি আরটিজিএসের জন্য ব্যবহার করা হয়েছে। পরে তদন্তে উঠে আসে, চেকে ‘সিনিয়র সিটিজেন স্কিম’ অংশটি ওভাররাইট করে আরটিজিএস করা হয়েছে। পাশাপাশি, স্বাক্ষর নকল করা হয় এবং ভাউচার স্লিপেও ভুয়ো স্বাক্ষর ও ভুল মোবাইল নম্বর ব্যবহার করে টাকা ট্রান্সফার করা হয়।
এরপরই বিধান নগর (Kolkata) দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয়। খবর পেয়ে দ্রুত ব্যাঙ্কে পৌঁছয় পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চার জনকে শনাক্ত করা হয়। ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হয়।
জেরায় ধৃতরা জানায়, তারা ব্যাঙ্কের ওপর নজর রাখত। কেউ বড় অঙ্কের চেক ড্রপ বক্সে জমা দিলেই তা সংগ্রহ করে চেকের তথ্য বদলে, স্বাক্ষর জাল করে এবং মোবাইল নম্বর পরিবর্তন করে নিজেদের নামে টাকা ট্রান্সফার করত। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, কলকাতা পুলিশের ব্যাঙ্ক ফ্রড শাখাও এই চক্রের খোঁজে ছিল।
ধৃতদের মধ্যে অরিন্দম মিত্র ব্যাঙ্কের এজেন্ট হিসেবে কাজ করত। সেই সূত্রে ব্যাঙ্কিং পদ্ধতি সম্পর্কে তার গভীর জ্ঞান ছিল। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে সে এই বড়সড় প্রতারণা চক্র গড়ে তোলে বলে পুলিশ মনে করছে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
