Amir Khan: ‘বিবাহবিচ্ছেদ মানেই কি শত্রুতা?’ প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা আমির খান

পেজ 3

নিউজ পোল ব্যুরো: আমির খানের (Aamir Khan) ব্যক্তিগত জীবন মানেই চর্চার কেন্দ্রে। দু’বার বিবাহবিচ্ছেদের পর আবার নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। বর্তমানে গৌরী স্প্র্যাটের সঙ্গে একত্রবাসে রয়েছেন তিনি। তবে প্রেমের নতুন অধ্যায় শুরু হলেও, প্রাক্তন স্ত্রীদের সঙ্গে তাঁর সম্পর্ক যে এখনও সৌহার্দ্যপূর্ণ, তা বারবারই সামনে এসেছে। বিশেষ করে প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্পষ্ট বক্তব্য রাখলেন আমির।

আরও পড়ুন:Nepal Flight: নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা! অবতরণের সময় প্রবল ঝাঁকুনিতে রানওয়ে থেকে ছিটকে গেল বুদ্ধ এয়ারের বিমান

সাক্ষাৎকারে আমির (Aamir Khan) প্রশ্ন তুলেছেন সমাজের প্রচলিত ধারণা নিয়েই। তাঁর কথায়, “বিবাহবিচ্ছেদ হলেই কি পরস্পরের শত্রু হয়ে যেতে হয়? এমন কোনও নিয়ম কি আছে?” অভিনেতার মতে, সম্পর্ক ভেঙে গেলেও মানুষের মধ্যে শ্রদ্ধা, বন্ধুত্ব ও মানবিকতা থেকে যেতে পারে। নিজের জীবনের উদাহরণ টেনে তিনি বলেন, কিরণের মতো মানুষ তাঁর জীবনে আসা সৌভাগ্যের বিষয়, আর সেই সম্পর্ক আজও অটুট।

আমির ও কিরণ রাওয়ের পরিচয় হয়েছিল কাজের সূত্রেই। ছবিতে সহ-পরিচালকের দায়িত্বে ছিলেন কিরণ। সেই সময় থেকেই বন্ধুত্ব, প্রেম এবং পরবর্তী সময়ে বিয়ে। পেশাগত ও ব্যক্তিগত—দু’ক্ষেত্রেই দীর্ঘ সময় একসঙ্গে কাজ করেছেন তাঁরা। সেই স্মৃতির কথা তুলে ধরে আমির জানান, “আমরা একসঙ্গে বহু কিছু তৈরি করেছি। শুধু ব্যক্তিগত জীবন নয়, পেশাগত ভাবেও। ভবিষ্যতেও আমরা একসঙ্গে কাজ করব। আমাদের মধ্যে যে আবেগ ও মানবিক বন্ধন রয়েছে, তা আজীবন থাকবে।”

বিবাহবিচ্ছেদের পরও যে সম্পর্কের সমীকরণ পুরোপুরি ভেঙে যায়নি, সে কথাই বারবার উঠে আসে তাঁদের কথাবার্তায়। কিরণ রাওও এক পুরনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন, যৌথ সম্মতিতেই তাঁদের বিচ্ছেদ হয়েছিল। যদিও সম্পর্কের ধরন বদলেছে, তবু বন্ধুত্ব অটুট। কিরণের কথায়, “আমরা এখনও নিজেদের এক পরিবার বলেই ভাবি। একে অপরের প্রতি অসম্ভব শ্রদ্ধা রয়েছে।”

কিরণ আরও জানান, তাঁরা এখনও একে অপরের সঙ্গে স্বচ্ছন্দ। সেই স্বচ্ছন্দতারই প্রকাশ দেখা গিয়েছিল তাঁদের মেয়ে আইরার বিয়েতে। অনুষ্ঠানে সকলের সামনে কিরণের গালে চুমু দিয়েছিলেন আমির। সেই মুহূর্ত নিয়ে কিরণ বলেন, এতে বোঝা যায় যে বিচ্ছেদ হলেও তাঁদের মধ্যে কোনও অস্বস্তি বা দূরত্ব তৈরি হয়নি।

আমির ও কিরণের এই সম্পর্ক বহু মানুষের কাছেই ব্যতিক্রমী উদাহরণ। যেখানে বিচ্ছেদের পর তিক্ততা স্বাভাবিক বলে ধরা হয়, সেখানে তাঁরা দেখিয়েছেন পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব বজায় রেখেও আলাদা পথে এগোনো সম্ভব। আমিরের কথায়, সম্পর্কের নাম বদলালেও মানুষের সঙ্গে মানুষের সংযোগ থেকেই যায়—আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole