নিউজপোল ব্যুরো: পূর্ব মেদিনীপুরের তমলুক থানার অন্তর্গত শহীদ মাতঙ্গিনী ব্লকের আলিনান সুস্বাস্থ্য কেন্দ্রে CHO-কে ঘিরে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। শুক্রবার বৃষ্টির মধ্যেই সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে জড়ো হন এলাকার বেশ কয়েকজন বাসিন্দা, বিশেষ করে মহিলারা। তাঁদের অভিযোগ, সুস্বাস্থ্য কেন্দ্রের CHO মিতা চক্রবর্তীর দেওয়া ইনজেকশন নেওয়ার পর কয়েকজন শিশুর শরীরে নানা সমস্যা দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, ইনজেকশন দেওয়ার জায়গা ফুলে গিয়ে সেখানে পুঁজ জমছে। পরিস্থিতি গুরুতর হওয়ায় কয়েকজন শিশুকে পরে বাইরে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা। এমনকী, কোনও কোনও ক্ষেত্রে অস্ত্রোপচার পর্যন্ত করাতে হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের। যদিও এই অভিযোগের সত্যতা এখনও সরকারি ভাবে নিশ্চিত হয়নি।
আরও দেখুন :-কলকাতায় ফেরা থেকে বাংলা প্রশ্নপত্রে, তসলিমার কথাতেই এবার ‘বোধপরীক্ষণ’
অভিযোগ নিয়ে বারবার জানানো হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এদিনের বিক্ষোভে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, CHO-কে সুস্বাস্থ্য কেন্দ্রের ঘরের ভিতরে রেখে বাইরে থেকে শিকল লাগিয়ে দেন বিক্ষোভকারীরা।
ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা। পুরো ঘটনার তদন্তের পরই ইনজেকশনের সঙ্গে শিশুদের শারীরিক সমস্যার কোনও যোগ রয়েছে কি না, তা স্পষ্ট হবে।
