নিউজপোল ব্যুরো: বন্যার ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ফের মর্মান্তিক ঘটনা ভূতনিতে। রাস্তার পাশের গর্তে পড়ে বন্যার জলে তলিয়ে মৃত্যু হল ১৭ বছরের এক যুবকের। মৃতের নাম অনিকুল হক। উত্তর চণ্ডীপুরের নাজিরুদ্দিন টোলা গ্রামের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই রাস্তার পাশে থাকা একটি গর্তে পড়ে যায় অনিকুল। চারপাশে জল থাকায় গর্তটি সঠিকভাবে বোঝা যাচ্ছিল না বলে স্থানীয়দের দাবি। সেই সময় আশপাশে কেউ না থাকায় তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। বন্যার জলে তলিয়ে যাওয়ার পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
আরও দেখুন :-আলিনান সুস্বাস্থ্য কেন্দ্রে CHO-কে ঘিরে বিক্ষোভ, শিশুদের ইনজেকশন নিয়ে গুরুতর অভিযোগ
ঘটনার খবর পেয়ে ভূতনি থানার পুলিশ নৌকায় করে ঘটনাস্থলে পৌঁছয়। পরে জল থেকে অনিকুলকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে।
এই ঘটনার পর ফের প্রশ্নের মুখে বন্যাকবলিত এলাকার নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একাধিক জায়গায় বিপজ্জনক গর্ত ও রাস্তার অংশ জলের তলায় থাকলেও সেখানে কোনও সতর্কতামূলক ব্যবস্থা নেই। পাশাপাশি দুর্গত এলাকায় পর্যাপ্ত প্রশাসনিক সহায়তা মিলছে না বলেও অভিযোগ স্থানীয়দের।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর থেকে গঙ্গার জলে প্লাবিত ভূতনির বিস্তীর্ণ এলাকা। এর মধ্যেই এই ঘটনাকে বন্যায় দ্বিতীয় মৃত্যুর ঘটনা বলে দাবি করা হচ্ছে।
