নিউজপোল ব্যুরো: উত্তপ্ত বঙ্গ রাজনীতি। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমায় বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয়ে ‘সেবা সংকল্প অভিযান’-এর প্রস্তুতি নিয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন শান্তনু। তাঁর বক্তব্য, রাজ্যে আইনের শাসন চলছে। তাই কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে অশান্তি তৈরি করার চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন শান্তনু প্রামাণিক। তিনি বলেন,শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা চলছে। রাজনৈতিক দাপট বা গুন্ডাগিরির মাধ্যমে যারা পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছেন, তাঁদের ঘরে বসে যাওয়াই ভালো। একইসঙ্গে তিনি বিরোধীদের উন্নয়নের কাজে সামিল হওয়ার আহ্বান জানান।
আরও দেখুন :- বিরিয়ানি কিনে বাড়ি ফিরতেই বিপত্তি, পচা খাবার দেওয়ার অভিযোগ ক্রেতার
এদিন বক্তব্য রাখতে গিয়ে ‘ডিম থেরাপি’র প্রসঙ্গও টেনে আনেন শান্তনু। তাঁর কথায়, কেউ যদি একইভাবে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা চালিয়ে যান, তাহলে ডিম থেরাপির পরিবর্তে অন্য কোনও থেরাপিও হতে পারে। তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা।
বিরোধীদের উদ্দেশ্যে মন্ত্রীর এমন কড়া বার্তা ঘিরে বসিরহাটের রাজনৈতিক মহলে ফের উত্তেজনার আবহ তৈরি হয়েছে।
