নিউজপোল ব্যুরো: টানা বৃষ্টিতে ফের বিপর্যস্ত দুধিয়ার যোগাযোগ ব্যবস্থা। পাহাড়ে একটানা বৃষ্টির জেরে বালাসন নদীর জলস্তর বেড়ে যায়। প্রবল স্রোতের ধাক্কায় দুধিয়ায় তৈরি অস্থায়ী হিউম পাইপের সেতুটি ভেঙে পড়েছে। এর ফলে শিলিগুড়ি–মিরিক যোগাযোগ ব্যবস্থায় ফের সমস্যা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সকাল থেকেই পাহাড়জুড়ে বৃষ্টি শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে বালাসন নদীর জল বাড়তে থাকে। একসময় স্রোতের তীব্রতা এতটাই বেড়ে যায় যে অস্থায়ী সেতুটির উপর চাপ পড়ে। শেষ পর্যন্ত জলের তোড়ে সেতুটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়ে। ফলে এই পথে যান চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আরও দেখুন :-‘আইনের শাসন চলছে, শাসনের আইন নয়’, বিরোধীদের নিশানা শান্তনু প্রামাণিকের
উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবর মাসে বালাসন নদীর প্রবল স্রোতে দুধিয়ার পুরনো লোহার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে বিকল্প হিসেবে হিউম পাইপের সেতু তৈরি করা হয়। কিন্তু ফের প্রবল বৃষ্টিতে সেই বিকল্প পথও ক্ষতিগ্রস্ত হল।
পরিস্থিতি সামাল দিতে এবার ভারতীয় সেনার তৈরি বেইলি ব্রিজ ব্যবহারের ব্যবস্থা করা হচ্ছে। তবে ভারী বোঝাই ট্রাক চলাচলে বিধিনিষেধ থাকবে। গাড়ির ছাদে অতিরিক্ত মালপত্র না রাখার জন্যও চালকদের সতর্ক করা হয়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
