আসল সম্পর্ক, নাকি ক্ষমতার স্বার্থ? সময় বদলাতেই কি বদলে গেল মমতার আপনজনের রং? মমতার ভাইফোঁটা ঘিরে রুদ্রনীলের বিস্ফোরক খোঁচা !

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: উৎসবের দিনেও রাজনীতির তরজা থেকে রেহাই নেই! ভাইফোঁটার সকালে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে ফের রাজনৈতিক আক্রমণে শিরোনামে উঠে এলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। হাওড়ার জগাছায় নিজের বাড়িতে ভাইফোঁটা নেওয়ার পরেই তাঁর নিশানায় উঠে এল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরূপ বিশ্বাসের ভাইফোঁটার আয়োজন। ক্ষমতার পালাবদলের পর বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে উৎসবের ছবিকেও জুড়ে দিলেন তিনি।

প্রতি বছর ভাইফোঁটার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে পরিচিত মুখের ভিড় দেখা যেত। রাজনৈতিক নেতা-কর্মী থেকে শুরু করে বহু মানুষের আনাগোনায় জমজমাট থাকত সেই বাড়ি। কিন্তু এ বছর ছবিটা অনেকটাই আলাদা। সকাল থেকেই বাড়ির সামনে ছিল কার্যত নীরবতা। কোনও বড় আয়োজন বা আগের মতো ভিড় চোখে পড়েনি। এই পরিবর্তন নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

মমতার বাড়ির ভাইফোঁটা নিয়ে মন্তব্য করতে গিয়ে রুদ্রনীল বলেন, আজকের দিনে কাউকে কটূক্তি করতে চান না তিনি। তবে তাঁর দাবি, ওই বাড়িতে ভাইফোঁটার থেকে ক্ষমতার ফোঁটার গুরুত্বই বেশি ছিল। ক্ষমতা চলে যাওয়ার পর ভাইয়েরাও আর দিদির কাছে আসছেন না। তাঁর মতে, সেই অনুষ্ঠানে আন্তরিকতার অভাব ছিল। যদিও এগুলি সম্পূর্ণ রুদ্রনীলের রাজনৈতিক মন্তব্য। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, অরূপ বিশ্বাসের ভাইফোঁটার আয়োজন নিয়েও মুখ খুলেছেন বিজেপি বিধায়ক। অতীতে অরূপের বাড়িতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে টলিউডের বহু পরিচিত অভিনেত্রীকে দেখা যেত। কিন্তু এ বার সেই পরিচিত ছবিও অনুপস্থিত। রুদ্রনীলের কটাক্ষ, দাদা-বোনের সম্পর্কের মধ্যে আন্তরিকতার চেয়ে প্রয়োজনের গুরুত্বই বেশি ছিল। ক্ষমতা না থাকায় এবার ভাই-বোনদের উপস্থিতিও কমেছে বলে দাবি তাঁর।

অন্যদিকে, ভাইফোঁটার অনুষ্ঠান না করার সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর বক্তব্য অনুযায়ী, রাজ্যে পালাবদলের পর তৃণমূল কর্মীদের উপর হামলা, গ্রেপ্তারি এবং মিথ্যা মামলার প্রতিবাদেই বিজয়া সম্মিলনী ও ভাইফোঁটার আয়োজন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেউ দেখা করতে চাইলে বাড়িতে আসতে পারেন বলেও জানানো হয়েছিল।