কেন ভাইফোঁটায় বলা হয় ‘যমুনা দেন যমকে ফোঁটা’? ভাই-বোনের এই উৎসবের পিছনে লুকিয়ে রয়েছে মৃত্যুর দেবতার কোন কাহিনি?

অন্য রকম পূজা

নিউজপোল ব্যুরো: ভাইফোঁটা মানেই ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা, মঙ্গলকামনা আর বোনের হাতে সাজানো থালায় নানা আয়োজন। কিন্তু এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে এমন এক পৌরাণিক উপাখ্যান, যেখানে রয়েছেন স্বয়ং মৃত্যুর দেবতা যমরাজ। ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার সময় ‘যমুনা দেন যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা’—এই ছড়া কেন বলা হয়, তা জানেন কি?

পৌরাণিক কাহিনি অনুযায়ী, সূর্যদেব ও তাঁর স্ত্রী সঞ্জনার সন্তান ছিলেন যম এবং যমুনা। সূর্যের প্রচণ্ড তাপ সহ্য করতে না পেরে সঞ্জনা নিজের মতো দেখতে একটি ছায়ামূর্তি তৈরি করে সংসার ছেড়ে চলে যান। সেই ছায়ামূর্তিকেই স্ত্রী হিসেবে গ্রহণ করেন সূর্য। তাঁদের সন্তান হন শনিদেব। এরপর সৎমায়ের সঙ্গে মনোমালিন্যের জেরে যম ও যমুনা দু’জনেই পিতৃগৃহ ছেড়ে আলাদা হয়ে যান। যমরাজ নিজের জন্য তৈরি করেন যমপুরী। অন্যদিকে, যমুনা চলে যান গোলোকধামে।

দীর্ঘদিন পর বোনের খোঁজ পেয়ে সেখানে হাজির হন যমরাজ। প্রিয় দাদাকে কাছে পেয়ে আনন্দে যমুনা তাঁর কপালে তিলক পরিয়ে নিজের হাতে রান্না করা খাবার পরিবেশন করেন। বোনের এমন আন্তরিকতায় মুগ্ধ হয়ে যমরাজ তাঁকে বর দিতে চান।

তখনই যমুনা প্রার্থনা করেন, যে ভাই এই বিশেষ দিনে বোনের কাছ থেকে ফোঁটা নেবে, তার অকালমৃত্যুর আশঙ্কা দূর হোক। যমরাজ সেই প্রার্থনা মঞ্জুর করেন। বিশ্বাস করা হয়, সেই কাহিনিকে কেন্দ্র করেই শুরু হয় ভাইফোঁটার রীতি। তাই আজও ভাইয়ের মঙ্গল কামনায় ফোঁটা দেওয়ার সময় উচ্চারিত হয় যম-যমুনার সেই স্মরণীয় ছড়া।