নিউজপোল ব্যুরো: লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়, মন্দির চত্বরে উপচে পড়া মানুষের ঢল, আর সেই সঙ্গে বিপুল পরিমাণ বর্জ্য। এত কিছুর মধ্যেও পরিচ্ছন্নতা বজায় রেখে জাতীয় স্তরে স্বীকৃতি পেতে চলেছে হুগলির তারকেশ্বর। শ্রাবণী মেলায় পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য কাজের জন্য বিশেষ সম্মানে ভূষিত হতে চলেছে তারকেশ্বর পুরসভা।
শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের বিপুল ভিড় সামলানোর পাশাপাশি শহরকে পরিষ্কার রাখার জন্য আগেভাগেই বিশেষ কর্মপরিকল্পনা তৈরি করেছিল পুরসভা। পরিচ্ছন্নতার কাজে যাতে কোনও ঘাটতি না থাকে, তার জন্য গোটা শহরকে ১০টি জ়োনে ভাগ করা হয়। প্রতিটি জ়োনে সাফাইয়ের কাজ তদারকির দায়িত্বে ছিলেন সুপারভাইজাররা। মোট ১৪ জন সুপারভাইজারের নজরদারিতে ১৮০ জন কর্মী দু’টি শিফটে কাজ করেন। বিশেষ করে মন্দির সংলগ্ন এলাকা এবং দুধপুকুরের আশপাশে নিয়মিত সাফাইয়ের ব্যবস্থা রাখা হয়েছিল।
পৌরসভা সূত্রে খবর, মেলা চলাকালীন ও পরবর্তী সময়ে মিলিয়ে শহর থেকে ১৫০০ মেট্রিক টনেরও বেশি বর্জ্য সরানো হয়েছে। এর মধ্যে ৫০০ মেট্রিক টনেরও বেশি বর্জ্য বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণের জন্য পাঠানো হয় বৈদ্যবাটি রিজিওনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টারে।
পুরসভা কর্তৃপক্ষের মতে, “লক্ষ লক্ষ মানুষের সমাগমের মধ্যেও পরিচ্ছন্নতা বজায় রাখতে সাফাইকর্মীদের নিরলস পরিশ্রম এবং পরিকল্পিত ব্যবস্থাপনাই এই সাফল্যের মূল ভিত্তি।” তারকেশ্বরের এই স্বীকৃতি রাজ্যের অন্য পুরসভাগুলির কাছেও দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।
