নিউজপোল ব্যুরো: বুধবার সাতসকালে কলকাতার রবীন্দ্র সরোবরে রাজকীয় হানা দিলেন রাজ্যের নতুন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কোনো আগাম ঘোষণা ছাড়াই মন্ত্রীর এই ঝোড়ো সারপ্রাইজ ভিজিট ঘিরে বুধবার সকাল থেকেই লেক চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মূলত রবীন্দ্র সরোবরের সামগ্রিক স্বচ্ছতা অভিযান খতিয়ে দেখতে এবং সাধারণ মানুষের একটি বড়সড় ক্ষোভের তদন্ত করতেই মন্ত্রীর এই অন-স্পট অ্যাকশন ।
বেশ কিছুদিন ধরেই স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ আসছিল যে, রবীন্দ্র সরোবর চত্বরে বাচ্চাদের খেলার জায়গাটি রহস্যজনকভাবে বন্ধ করে রাখা হয়েছে। এই খবর মন্ত্রীর দপ্তরে পৌঁছাতেই তিনি আর এক মুহূর্তও সময় নষ্ট করেননি। আজ সকালেই আধিকারিকদের নিয়ে সরাসরি হাজির হন লেক চত্বরে। পুরো এলাকা ঘুরে দেখার পাশাপাশি কেন শিশুদের খেলার পার্কটি বন্ধ রয়েছে, তা নিয়ে সেখানে উপস্থিত পুর আধিকারিক ও কেআইটি (KIT) কর্তাদের রীতিমতো তুলোধোনা করেন মন্ত্রী। অবিলম্বে এই খেলার জায়গা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন তিনি।খেলার পার্কের পাশাপাশি লেকের পরিবেশ ও স্বচ্ছতা নিয়েও কড়া অবস্থান নেন অগ্নিমিত্রা পাল। রবীন্দ্র সরোবরের জলের গুণগত মান ঠিক রাখা এবং চত্বর প্লাস্টিকমুক্ত করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার নির্দেশ দেন।
পুরমন্ত্রীর এমন মাঠপর্যায়ের তৎপরতা ও অ্যাকশন মোড দেখে লেক চত্বরে উপস্থিত সাধারণ মানুষ হাততালি দিয়ে তাঁকে স্বাগত জানান। সাধারণ মানুষের অধিকার নিয়ে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী, যা নিয়ে স্থানীয় মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
