নিউজপোল ব্যুরো: কলকাতায় ফের চিটফান্ড সংক্রান্ত মামলার তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার সকাল থেকেই শহরের একাধিক এলাকায় তল্লাশি শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কলকাতার ছ’টি ঠিকানায় এই অভিযান চলছে বলে সূত্রের খবর। পাশাপাশি, একই মামলার সূত্র ধরে ইন্দোরেও বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। কলকাতা ও ইন্দোর মিলিয়ে মোট ১৭টি জায়গায় তল্লাশি অভিযান চলছে বলে জানা গিয়েছে।
সকাল ৬টা নাগাদ নারকেলডাঙা, নেতাজিনগর এবং রবীন্দ্র সরোবর থানা এলাকার বিভিন্ন ঠিকানায় পৌঁছান ইডি আধিকারিকরা। নিরাপত্তার জন্য তাঁদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের একটি দল। সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থার বাড়ি এবং অফিসে বিভিন্ন নথি ও আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারীদের প্রাথমিক সন্দেহ, একটি বেআইনি অর্থলগ্নি সংস্থার মাধ্যমে আমানতকারীদের কাছ থেকে সংগ্রহ করা টাকা অন্য ব্যবসায় ঘুরিয়ে দেওয়া হয়েছিল। বিশেষ করে নির্মাণ ব্যবসায় সেই অর্থ বিনিয়োগের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
সূত্রের খবর, ওই সংস্থার মাধ্যমে বিনিয়োগকারীদের নির্দিষ্ট সময়ের পরে সুদ-সহ টাকা ফেরতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু অনেকেই প্রতিশ্রুত অর্থ ফেরত পাননি। এরপর বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে হওয়া মামলাতেই এবার তদন্ত আরও জোরদার করেছে ED। তল্লাশিতে পাওয়া নথি ও তথ্য থেকেই আর্থিক লেনদেনের গতিপথ স্পষ্ট করার চেষ্টা করছেন তদন্তকারীরা।
