দূষণের জেরে হাঁপানি, হার্টের সমস্যা! শব্দবাজির প্রভাব নিয়ে কী বলছেন চিকিৎসক?

দেশ স্বাস্থ্য

নিউজপোল ব্যুরো: দীপাবলি মানেই চারিদিকে আলো, আনন্দ আর আতশবাজির উৎসব। কিন্তু উৎসবের আনন্দের মানুষের জীবনে বাড়ছে দূষণের উদ্বেগ। দিল্লি থেকে কলকাতা, একাধিক শহরে দীপাবলির রাতে বায়ুদূষণের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোর খবর সামনে এসেছে। এর জেরে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে শিশু ও বয়স্কদের। বিশেষ করে যাঁদের আগে থেকেই শ্বাসকষ্ট, হাঁপানি কিংবা হৃদযন্ত্রের সমস্যা রয়েছে, তাঁদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

কলকাতার চিকিৎসক ডাঃ দেবজ্যোতি হালদারের মতে, দূষণের প্রভাবে শিশুদের শ্বাসযন্ত্র বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। শুকনো কাশি, গলাব্যথা, গলায় খুশখুশে ভাব, অ্যালার্জি এবং চোখ দিয়ে জল পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। অনেকেই এই উপসর্গকে সাধারণ ঠান্ডা লাগা বলে ভুল করেন। কিন্তু এর পিছনে বায়ুদূষণের প্রভাবও থাকতে পারে। দীর্ঘদিন দূষিত বাতাসে থাকলে ফুসফুসের কর্মক্ষমতাও কমতে পারে।

শুধু বাতাস নয়, শব্দবাজির প্রভাবও কম নয়। চিকিৎসকের কথায়, অতিরিক্ত শব্দে শিশুদের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। অনেক শিশু ভয় পেয়ে যায়, এমনকী পরবর্তী সময়ে সামান্য আওয়াজেও চমকে উঠতে পারে। বয়স্কদের ক্ষেত্রে রক্তচাপ, হৃদযন্ত্রের সমস্যা এবং শ্বাসকষ্টের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে COPD-তে আক্রান্তদের সতর্ক থাকা জরুরি।

তাহলে কী করবেন? চিকিৎসকের পরামর্শ, প্রয়োজন ছাড়া বাইরে বেরনো এড়িয়ে চলুন। ঘরে থাকুন শিশু ও বয়স্কদের। বাইরে বেরোতে হলে N95 মাস্ক ব্যবহার করুন এবং AQI-র দিকে নজর রাখুন। শ্বাসকষ্ট বা অন্য কোনও সমস্যা দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।