নিউজপোল ব্যুরো:বুধবার সকালেই বড়সড় রেল দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল অসমে। ডিগারু রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে পড়ল কলকাতা-সাইরং এক্সপ্রেসের ছ’টি কামরা। সকাল প্রায় ৬টা ৫৪ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। লাইন থেকে ছিটকে গিয়ে কামরাগুলি একদিকে হেলে পড়ে। আচমকা এই ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, মিজোরাম থেকে কলকাতার উদ্দেশ্যে আসছিল এক্সপ্রেসটি। ডিগারু স্টেশনে অন্য একটি ট্রেনকে যাওয়ার সুযোগ করে দিতে গিয়ে ট্রেনটির গতিবিধিতে সমস্যা তৈরি হয় বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে ঠিক কী কারণে কামরাগুলি লাইনচ্যুত হল, তা এখনও নিশ্চিত নয়। রেলের তরফে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহযোগিতা করেন। রেলের আধিকারিকরাও দ্রুত সেখানে রওনা দেন। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই। কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে।
