ভাইফোঁটার আনন্দে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের পূর্বাভাস

আবহাওয়া

নিউজপোল ব্যুরো: আজ ভাইফোঁটা। ভাই-বোনের ভালোবাসা, আশীর্বাদ আর দীর্ঘায়ু কামনার এই বিশেষ দিনে উৎসবের আনন্দে কিছুটা বাধা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া। কারণ, বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে।

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী ১৩ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় সেটি আরও শক্তিশালী হতে পারে।

বৃহস্পতিবারের পর থেকেই বৃষ্টির দাপট কমতে পারে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা। বৃষ্টি কমলেই ধীরে ধীরে নামবে তাপমাত্রার পারদ। ফলে সপ্তাহান্তে ফের অনুভূত হতে পারে শীতের আমেজ।