‘শুধু রাম-রাম করেই আটকে আছে’, বিজেপিকে নিশানা করে বিতর্কে কীর্তি আজাদ

রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: রামকে কেন্দ্র করে চর্চা যেন শেষ হচ্ছেই না। ভগবান রামকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। সংবাদ সংস্থা ANI-কে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেন, “বত্রিশ কোটি দেব-দেবীর মধ্যে শুধুই রাম ভগবান? আমি তো কখনও অযোধ্যা যাব না।” এরপরই সীতার অগ্নিপরীক্ষা প্রসঙ্গ তুলে রামের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়, “অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও যিনি নিজের স্ত্রীকে ত্যাগ করেছিলেন, আমি কেন সেখানে যাব?”

নিজের ধর্মীয় বিশ্বাসের কথা জানিয়ে কীর্তি বলেন, “সীতাই আমার মা। আমি কামাক্ষা যাই, কালীর দর্শন করি। কালী আমার দেবতা। আমার বাবা দুর্গার উপাসক, আমি কালীর উপাসক।” একইসঙ্গে তাঁর কটাক্ষ, “এখানে খালি রাম-রাম আর রামেই আটকে আছে। এদের কাছে কৃষ্ণ কেউ না।”

কীর্তি আজাদের এই মন্তব্যের নিন্দা করেছেন সমাজবাদী পার্টির নেতা অবধেশ প্রসাদ। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও পাল্টা কটাক্ষ করেছেন। ফলে তাঁর বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।