একসময় এলাকায় দাপট, এখন জেলবন্দি! ফলতায় জাহাঙ্গির ওরফে ‘পুষ্পা’র বাড়িতে প্রশাসনের বুলডোজার

রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: একসময় এলাকায় ছিল রাজনীতির দাপট। কিন্তু এখন জেলবন্দি জাহাঙ্গির খান ওরফে ‘পুষ্পা’। আর সেই আবহেই এবার ফলতার শ্রীরামপুরে তাঁর বাড়িতে উচ্ছেদ অভিযান চালাল প্রশাসন। ভাইফোঁটার দিনই বিডিও-র উপস্থিতিতে পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকদের নজরদারিতে শুরু হয় বাড়ি ভাঙার কাজ। প্রশাসনের দাবি, বাড়িটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল।

বাড়ি ভাঙার আগে ভিতর থেকে বের করে আনা হয় একাধিক আসবাব ও গৃহস্থালির সামগ্রী। তার মধ্যে মিক্সার, মাইক্রোওয়েভ, ঘড়ি, বেতের সোফা, ট্রেডমিল, কম্বল থেকে শুরু করে ওয়াশিং মেশিন। একের পর এক জিনিস বাইরে বের করে দেওয়ার দৃশ্য ঘিরে এলাকায় তৈরি হয় চর্চা।

ভোটের সময় থেকেই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছিলেন জাহাঙ্গির। ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো এবং হুমকি দেওয়ার মতো একাধিক অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। নির্বাচনী প্রচারের সময় নিজেকে ‘পুষ্পা’ বলে পরিচয় দিয়ে সিনেমার সংলাপ আওড়াতেও দেখা গিয়েছিল তাঁকে। বলেছিলেন, ‘পুষ্পা ঝুঁকেগা নেহি’। পরে গ্রেফতার হন তিনি।

এসআইআর প্রক্রিয়া চলাকালীন ফলতায় মৃত ভোটারদের নাম তালিকায় তোলার চেষ্টা এবং বিএলও-দের উপর চাপ তৈরির অভিযোগেও তাঁর নাম সামনে এসেছিল। স্থানীয়দের একাংশের দাবি, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতার সুবাদেই এলাকায় তাঁর প্রভাব বেড়েছিল।