৯৩ জন যাত্রী নিয়ে ওড়ার আগেই হাইজ্যাক আতঙ্ক! কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমানে তল্লাশি

breakingnews কলকাতা রাজ্য

নিউজপোল ব্যুরো: কলকাতা বিমানবন্দরে বুধবার সকালে হঠাৎই তৈরি হল উদ্বেগজনক পরিস্থিতি। কলকাতা থেকে মুম্বাই যাওয়ার জন্য তৈরি ছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। যাত্রীরা বিমানে উঠে পড়েছেন, উড়ানের প্রস্তুতিও চলছিল। কিন্তু শেষ মুহূর্তে বিমানের ভিতরে একটি সন্দেহজনক বার্তা ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। সম্ভাব্য বিমান ছিনতাইয়ের আশঙ্কার কথা জানিয়ে সতর্ক করেন পাইলট।

ঘটনাটি এয়ার ইন্ডিয়ার AI 772 নম্বরের উড়ানকে ঘিরে। জানা গিয়েছে, বিমানের শৌচালয়ে থাকা আয়নার উপর হাতে লেখা একটি বার্তা দেখতে পাওয়া যায়। সেখানে হাইজ্যাক সংক্রান্ত কিছু লেখা ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। বিষয়টি জানার পর পাইলট দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে যোগাযোগ করেন। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের তৎপরতা শুরু হয়।

সাধারণ যাত্রী ওঠানামার জায়গা থেকে সরিয়ে বিমানটিকে নিয়ে যাওয়া হয় আইসোলেশন বে-তে। সেখানে বিভিন্ন নিরাপত্তা সংস্থার আধিকারিকরা বিমানের ভিতরে তল্লাশি চালাচ্ছেন। ওই বিমানে ৯৩ জন যাত্রী এবং ৫ জন কেবিন ক্রু সদস্য ছিলেন বলে জানা গিয়েছে।

বিমানের ভিতরে কীভাবে এই বার্তা এল, তা এখন তদন্তের অন্যতম বিষয়। কোনও যাত্রী এই ঘটনায় যুক্ত কি না, নাকি এটি নিছকই ভুয়ো তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত নিরাপত্তা পরীক্ষার পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে।