নিউজপোল ব্যুরো: প্রাতঃভ্রমণে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। বুধবার সকালে মাথা ঘুরে অজ্ঞান হয়ে যান ৭৫ বছর বয়সি ধনখড়। তড়িঘড়ি তাঁকে দিল্লির এইমসে (AIIMS) ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের কার্ডিও-নিউরো সেন্টারে কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সকালে হাঁটার সময় কয়েক মিনিটের জন্য অচৈতন্য হয়ে পড়েন প্রাক্তন উপরাষ্ট্রপতি। সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা তাঁকে প্রথমে বাড়িতে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের একটি দল প্রাথমিক পরীক্ষা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুল্যান্সে করে তাঁকে এইমসে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনও আনুষ্ঠানিক মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, গত দু’বছরে একাধিকবার অসুস্থ হয়ে পড়েছেন ধনখড়। ২০২৫ সালের মার্চ মাসে বুকে ব্যথা নিয়ে এইমসে ভর্তি হয়েছিলেন তিনি। সে সময় তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। ওই বছরের জুন মাসে নৈনিতালে একটি সরকারি অনুষ্ঠানে মঞ্চেই অজ্ঞান হয়ে পড়েন। চলতি বছরের জানুয়ারিতেও বাড়ির বাথরুমে যাওয়ার সময় অজ্ঞান হওয়ার ঘটনা ঘটে। ফলে বুধবারের ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে তাঁর শারীরিক অবস্থা নিয়ে।
