নিউজ পোল ব্যুরো: ভারতের কর্পোরেট দুনিয়ায় এক সময় যার নামই ছিল ক্ষমতার প্রতীক, সেই অনিল আম্বানি (Anil Ambani) এখন কার্যত গৃহহারা। ৩১ অক্টোবর ইডি (Enforcement Directorate) অনিলের সাম্রাজ্যে বিশাল ধাক্কা দেয় এক ঝটকায় বাজেয়াপ্ত করা হয় ৪০টি বিলাসবহুল সম্পত্তি, যার মোট মূল্য আনুমানিক ৩,০৮৪ কোটি টাকা! মুম্বইয়ের পালি হিলের অভিজাত বাড়ি থেকে শুরু করে নয়াদিল্লির রিলায়েন্স সেন্টার, এমনকি নয়ডা, গাজিয়াবাদ, পুনে, থানে, হায়দরাবাদ ও চেন্নাই পর্যন্ত ছড়িয়ে থাকা এই সম্পত্তিগুলি এখন সরকারি নিয়ন্ত্রণে।
আরও পড়ুন: ED Raid: নদিয়ার চাকদহে জাল পাসপোর্ট চক্রে ইডির হানা, কাঠ মিস্ত্রির বাড়ি তল্লাশি চলছে
ঘটনার সূত্রপাত কয়েক বছর আগের। ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে অনিল আম্বানির (Anil Ambani) রিলায়েন্স গ্রুপের দুই আর্থিক সংস্থা রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড (RHFL) ও রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স লিমিটেড (RCFL) এর ইন্সট্রুমেন্টে ইয়েস ব্যাংক বিনিয়োগ করে প্রায় ২ হাজার ৯৬৫ কোটি ও ২ হাজার ৪৫ কোটি টাকা। কিন্তু ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যেই সেই বিনিয়োগ (Investment) হয়ে যায় এনপিএ (Non-Performing Asset)। অর্থাৎ, ব্যাংকের প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকা বকেয়া পড়ে থাকে।
ইডির তদন্তে উঠে এসেছে আরও বিস্ফোরক তথ্য। অভিযোগ, অনিল আম্বানি (Anil Ambani) ও ইয়েস ব্যাংকের তৎকালীন সিইও রানা কাপুরের মধ্যে তৈরি হয়েছিল এক আর্থিক যোগসাজশ। ইয়েস ব্যাংকের তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ গোপনে স্থানান্তরিত হয় রিলায়েন্স গ্রুপের বিভিন্ন সহযোগী সংস্থায়। আরও জানা যায়, রিলায়েন্স নিপ্পন মিউচুয়াল ফান্ডের মাধ্যমে অনিলের নিজের গ্রুপে বিনিয়োগ করা হয়েছিল, যা SEBI-র স্বার্থসংঘাত নীতির সরাসরি লঙ্ঘন।
২০২২ সালে ইয়েস ব্যাংকের চিফ ভিজিল্যান্স অফিসারের অভিযোগের ভিত্তিতে CBI দুটি ফৌজদারি মামলা দায়ের করে। তারপর থেকেই ইডি শুরু করে অর্থপাচার ও ঋণ জালিয়াতি সংক্রান্ত তদন্ত। ধীরে ধীরে উঠে আসে প্রায় ১৭ হাজার কোটি টাকার আর্থিক অনিয়ম ও প্রতারণার অভিযোগ।
এক সময় রিলায়েন্স কমিউনিকেশনস (RCom)-এর কর্ণধার অনিল আজ কার্যত ঋণের সাগরে ডুবে। দেউলিয়া ঘোষণার পরও একাধিক ব্যাংক এখনও টাকা উদ্ধার করতে পারেনি। সম্পত্তি বিক্রি করেও দেনা মেটানো যায়নি। ফলে দেশের অন্যতম প্রভাবশালী শিল্পপতি এখন দাঁড়িয়ে আছেন আইনি ও আর্থিক সঙ্কটের চূড়ান্ত প্রান্তে একসময় যে মানুষ বহু কোটি টাকার সাম্রাজ্য চালাতেন, তিনি এখন নিজেই সেই সাম্রাজ্যের পতনের সাক্ষী।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
