Sovan Chatterjee: ‘ঘরের ছেলে ঘরে ফিরল’, ৭ বছর পর বৈশাখীকে সঙ্গে নিয়ে তৃণমূলে প্রত্যাবর্তন শোভনের

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: সাত বছর পর নিজের রাজনৈতিক আশ্রয়ে ফিরে এলেন কলকাতার (Kolkata) প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। সঙ্গে রয়েছেন দীর্ঘদিনের সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এক সময় তৃণমূলের (TMC) অন্যতম মুখ, পরে বিজেপির পতাকা হাতে নেওয়া শোভন এবার ফের ঘরে ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলে। রাজ্যে ভোটের আগে শোভনের (Sovan Chatterjee) এই প্রত্যাবর্তন যে রাজনৈতিক সমীকরণে নতুন বার্তা দিচ্ছে, তা স্পষ্ট তৃণমূল ভবনের ভেতর-বাইরে।

আরও পড়ুন: SSC: পুরনো চাকরিতে ফিরলেন ১৬৬ শিক্ষক, কিন্তু বাড়ির জেলায় নয় দূরবর্তী স্কুলে পোস্টিং

সোমবার দুপুরে বৈশাখীকে পাশে নিয়ে তৃণমূল ভবনে প্রবেশ করেন শোভন। হাসিমুখে বলেন, “মমতাদির আশীর্বাদ নিয়েই ফিরেছি। এটা আমার নিজের ঘর, নিজের সংসার।” দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে পতাকা হাতে তুলে নেন তিনি। যোগদানের পর সাংবাদিক বৈঠকে শোভনের (Sovan Chatterjee) কণ্ঠে ছিল পুরনো আবেগ “তৃণমূলই আমার পরিবার। ঘরের ছেলে হিসেবে আবার ফিরলাম। দলের প্রতি আমার দায়বদ্ধতা আগেও ছিল, এখনও আছে। মমতাদির নেতৃত্বে তৃণমূলকে আরও শক্তিশালী করতে চাই।”

অরূপ বিশ্বাস বলেন, “ঘরের ছেলে আজ ঘরে ফিরল। শোভন ও বৈশাখী আজ থেকেই দলের কাজে যুক্ত হবেন।” সুব্রত বক্সী যোগ করেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশেই শোভন আজ আনুষ্ঠানিকভাবে দলে ফিরলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর শিগগিরই সাক্ষাৎ হবে।” এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন শোভন। মেয়র ও মন্ত্রী দুটি দায়িত্বই সামলেছেন নিষ্ঠার সঙ্গে। তবে ২০১৮ সালে আচমকা ইস্তফা দিয়ে রাজনীতি থেকে দূরত্ব নেন তিনি। বছর খানেকের মধ্যেই মুকুল রায়ের হাত ধরে পা রাখেন বিজেপিতে, সঙ্গে ছিলেন বৈশাখীও। কিন্তু খুব শীঘ্রই গেরুয়া শিবিরের সঙ্গেও সম্পর্ক শিথিল হয়।

গত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় না থাকলেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক অটুট ছিল প্রতি বছর ভাইফোঁটা নিতে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে হাজির হতেন তিনি। সম্প্রতি এনকেডিএ-র চেয়ারম্যান পদ পাওয়ার পর থেকেই তার সক্রিয় প্রত্যাবর্তনের জল্পনা তীব্র হয়, আর আজ সেই জল্পনাই বাস্তব রূপ পেল। তৃণমূলের অন্দরমহল বলছে, শোভনের প্রত্যাবর্তনে দক্ষিণ কলকাতার সংগঠনে নতুন উদ্যম আসবে, আর মমতার “পুরনো সৈনিকের ঘরে ফেরা” রাজনৈতিক বার্তাও স্পষ্ট করে দিচ্ছে ২০২৬-এর লড়াইয়ের আগে দলে ভাঙনের বদলে হচ্ছে ঐক্যের রাজনীতি।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole