ছেলের গানে মায়ের আবৃত্তি, আবেগে ভাসল বিগ বসের ঘর! দুর্নিবারের ফ্যামিলি টাইমে মোহরের বার্তা ছুঁল মন

বিনোদন

নিউজপোল ব্যুরো:দেখতে দেখতে দু’মাস পার করেছে ‘বিগ বস বাংলা’। পরিবারের সদস্যদের থেকে দূরে, বাইরের জগতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে প্রতিযোগীদের দিন কাটছে ঘরের চার দেওয়ালের মধ্যে। কখনও ঝগড়া, কখনও অভিমান,কখন হাসি,আবার কখনও চোখের জল—সব মিলিয়ে জমে উঠেছে রিয়্যালিটি শোয়ের লড়াই। এরই মধ্যে মঙ্গলবারের পর্বে প্রতিযোগীদের জন্য আয়োজন করা হয়েছিল বহু প্রতীক্ষিত ‘ফ্যামিলি টাইম’। দীর্ঘদিন পর প্রিয়জনদের সামনে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি কেউই।

তবে এদিনের অন্যতম আকর্ষণ ছিলেন গায়ক দুর্নিবার সাহা ও তাঁর মা ডালিয়া সাহা। ছেলে গান ধরতেই পাশে বসে আবৃত্তি করে সঙ্গত দেন মা। মা-ছেলের এই সুন্দর মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়েন ঘরের অন্যান্য সদস্যরাও। সোশাল মিডিয়াতেও প্রশংসায় ভাসছেন দুর্নিবারের মা।

তবে এই পর্ব ঘিরে অন্য একটি বিষয় নিয়েও শুরু হয় জল্পনা। অনেকেরই আশা ছিল, স্বামী দুর্নিবারের সঙ্গে দেখা করতে ঘরে আসবেন তাঁর স্ত্রী ঐন্দ্রিলা সেন ওরফে মোহর। কিন্তু তাঁকে দেখা না যাওয়ায় প্রশ্ন উঠতে থাকে। অবশেষে সোশাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করে নীরবতা ভাঙেন মোহর।

তিনি লেখেন, “মা মা-ই হয়, আমি কোন হরিদাস পাল যে একজন মায়ের থেকে এতদিন পর সন্তানকে চোখে দেখার আনন্দ নিজের ভাগে নিয়ে নেব?” তাঁর এই বক্তব্যে স্পষ্ট, শাশুড়ির মাতৃত্বের আবেগকেই সবার আগে গুরুত্ব দিয়েছেন তিনি। আর সেই বার্তাতেই নেটিজেনদের একাংশের মন জয় করেছেন মোহর।