নিউজপোল ব্যুরো: শুধু বইয়ের পড়া নয়, ছোট থেকেই শিশুরা শিখুক পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা আর ভালো আচরণ। স্কুলের পাঠ্যক্রমে এমনই কিছু নতুন বিষয় যুক্ত করার প্রস্তাব দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীকে চিঠি লিখে আবেদন করেছেন বলেও জানিয়েছেন তিনি। তাঁর এই প্রস্তাব ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
অগ্নিমিত্রার প্রস্তাব, শিশুদের জন্মদিনে অন্তত দু’টি করে গাছ লাগানোর অভ্যাস তৈরি করা হোক। শুধু গাছ লাগালেই হবে না, সেই গাছের যত্ন নেওয়ার দায়িত্বও নিতে হবে পড়ুয়াদের। তাঁর মতে, ছোট থেকেই এমন অভ্যাস তৈরি হলে আগামী দিনে পরিবেশ রক্ষায় বড় ভূমিকা নিতে পারবে নতুন প্রজন্ম। আগামী ৫ থেকে ১০ বছরে এই উদ্যোগ শহর ও রাজ্যের সবুজ বাড়াতে সাহায্য করতে পারে।
পাশাপাশি স্কুলের পাঠ্যক্রমে পরিচ্ছন্নতা এবং ভালো ব্যবহার বা বিহেভিয়ার নিয়েও পড়ানোর প্রস্তাব দিয়েছেন তিনি। অর্থাৎ পড়াশোনার পাশাপাশি কীভাবে পরিবেশ পরিষ্কার রাখতে হয়, অন্যের সঙ্গে কেমন আচরণ করতে হয়, সেই শিক্ষাও ছোটদের দেওয়ার কথা বলেছেন মন্ত্রী।
কালীপুজোর পর দূষণ নিয়েও মুখ খুলেছেন অগ্নিমিত্রা। তাঁর কথায়, দূষণ নতুন সমস্যা নয়। উৎসব, যানবাহন এবং নানা কারণে সারা বছরই দূষণ বাড়ে। তাই উৎসবের আনন্দের পাশাপাশি শিশু, বয়স্ক, অসুস্থ মানুষ এবং পশুপাখিদের কথাও মাথায় রাখা জরুরি।
শব্দবাজি ও আতশবাজি ব্যবহারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলার উপরেও জোর দিয়েছেন তিনি। পুলিশ নজরদারি চালালেও প্রত্যেক বাড়ির সামনে পুলিশ রাখা সম্ভব নয়। তাই সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। বিশেষ করে কুকুর-বিড়াল অতিরিক্ত শব্দে কষ্ট পায় বলে মনে করিয়ে দিয়েছেন মন্ত্রী।
