নিউজপোল ব্যুরো: প্রথমবার পশ্চিমবঙ্গের মাটিতে আয়োজিত হতে চলেছে প্রবাসী ভারতীয় দিবসের সম্মেলন। এই বিশেষ আয়োজনের জন্য কলকাতাকে বেছে নিয়েছে বিদেশ মন্ত্রক। বুধবার দিল্লিতে সম্মেলনের আনুষ্ঠানিক ওয়েবসাইট উদ্বোধন করলেন এস জয়শঙ্কর ও শুভেন্দু অধিকারী।
২০১৫ সাল থেকে প্রতি বছর এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। কোন না কোন রাজ্যে এই অনুষ্ঠান হয়ে থাকে।এর আগে ওড়িশায় , গান্ধীনগর, বেঙ্গালুরুর রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে এই সম্মেলন আয়োজন করা হয়েছে।দেশের সঙ্গে প্রবাসী ভারতীয়দের সম্পর্ক আরও মজবুত করা এই সম্মেলনের মূল উদ্দেশ্য। এবার এই অনুষ্ঠান হবে কলকাতায়।২০২৭ সালের ৭ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে প্রবাসী ভারতীয় দিবসের অনুষ্ঠান। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গকে এই সম্মেলনের জন্য বেছে নেওয়ায় বাংলা গর্বিত।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য বহনে কলকাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর হাতেই প্রবাসী ভারতীয় সম্মান প্রদান করা হবে।
উদ্বোধন হওয়া ওয়েবসাইটে প্রবাসীদের থাকা, যাতায়াত, পর্যটন প্যাকেজ, কেনাকাটার জায়গা, ধর্মীয় স্থান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ট্রাভেল এজেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।
