নিউজপোল ব্যুরো:জীবিকার তাগিদে সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক বৃদ্ধ মৎস্যজীবীর। রয়্যাল বেঙ্গল টাইগারের হামলায় প্রাণ হারালেন ৭০ বছরের প্রদীপ রায় ওরফে বাবু। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালির ৪ নম্বর আশ্রম পাড়া এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৮ নভেম্বর কয়েকজন সঙ্গীকে নিয়ে নৌকায় চেপে সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন প্রদীপ। ১০ নভেম্বর সন্ধ্যায় নেতিধোপানি সংলগ্ন জাহাজ ফোড়ন এলাকার উত্তর পাড়ে তাঁরা কাঁকড়া ধরছিলেন। সেই সময় আচমকাই জঙ্গল থেকে বেরিয়ে এসে প্রদীপের উপর ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ।
কিছু বুঝে ওঠার আগেই তাঁকে টেনে গভীর জঙ্গলের ভিতরে নিয়ে যায় বাঘটি। সহকর্মীরা গোটা ঘটনা চোখের সামনে দেখলেও বাঘের সামনে কার্যত অসহায় হয়ে পড়েন। তাঁকে বাঁচানোর কোনও সুযোগই পাননি তাঁরা।
পরে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনার কথা জানান সঙ্গীরা। খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন আত্মীয়স্বজনরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ ও বনদফতরের আধিকারিকরা।
