ওড়িশা থেকে ধুলাগড়, মাঝপথেই পুলিশের জালে ১২২ কেজি গাঁজা

জেলা

নিউজপোল ব্যুরো: ওড়িশা থেকে হাওড়ার ধুলাগড়ে গাঁজা নিয়ে যাওয়ার পথে পাঁশকুড়ায় পুলিশের হাতে ধরা পড়ল একটি গাড়ি। ওই গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায়  ১২২ কেজি গাঁজা। ঘটনায় ওড়িশার এক বাসিন্দাকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে গোপন খবর পেয়ে পাঁশকুড়া থানার পুলিশ ও জেলা পুলিশের বিশেষ দল যৌথভাবে অভিযান চালায়। মহৎপুর উড়ালপুলের কাছে  ১৬ নম্বর জাতীয় সড়কে একটি সাদা রঙের গাড়ি আটক করা হয়।

আরও দেখুন :-ফের জলযন্ত্রণার করুণ ছবি ঘাটালে, ডিঙি নৌকায় মৃতদেহ নিয়ে শ্মশানের পথে পরিজনেরা

গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ দেখতে পায়, ভিতরে গাঁজা ভর্তি বেশ কয়েকটি প্যাকেট লুকিয়ে রাখা হয়েছে। সব মিলিয়ে  ১১৮টি প্যাকেট  উদ্ধার হয়। ওজন করে দেখা যায়, গাঁজার পরিমাণ প্রায়  ১২২ কেজি।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়িটি ওড়িশা থেকে এসে হাওড়ার ধুলাগড়ের দিকে যাচ্ছিল। মাঝপথেই পুলিশের অভিযানে পাচারের চেষ্টা ভেস্তে যায়।

বর্তমানে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই গাঁজা পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আইন মেনে গাঁজা উদ্ধারের পর পরবর্তী ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।