নিউজপোল ব্যুরো:ফের সামনে এল ঘাটালের জলযন্ত্রণার করুণ ছবি। বন্যার জলে জলমগ্ন শ্মশান। ফলে মৃতদেহ সৎকার করতে ডিঙি নৌকায় চাপিয়ে উঁচু জায়গায় নিয়ে যেতে হচ্ছে পরিজনদের। এমনই ছবি ঘিরে নতুন করে ক্ষোভ ছড়িয়েছে ঘাটালবাসীর মধ্যে।
প্রতিবছরই বর্ষায় ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা বন্যার জলে প্লাবিত হয়। জলমগ্ন হয়ে পড়ে রাস্তাঘাট, বাড়িঘর থেকে শুরু করে একাধিক শ্মশান। ফলে মৃতদেহ সৎকার করতে চরম সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। অনেক সময় নৌকা, ডিঙি কিংবা কলার ভেলার সাহায্যে মৃতদেহ নিয়ে যেতে হয় অপেক্ষাকৃত উঁচু এলাকায়।
আরও দেখুন :-কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে, নিয়োগে রাষ্ট্রপতির অনুমোদন
স্থানীয়দের অভিযোগ, এই সমস্যা দীর্ঘদিনের। ঘাটালের শ্যামপুরে ইলেকট্রিক চুল্লি নির্মাণের কাজ শুরু হলেও এখনও তা সম্পূর্ণ হয়নি। ২০২০ সালে ইলেকট্রিক চুল্লি নির্মাণের জন্য ১ কোটি ৬৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। ২০২১ সালে শুরু হয় নির্মাণকাজ। পরে আরও অর্থ বরাদ্দ হলেও কাজ এখনও অসম্পূর্ণ।
প্রশাসন সূত্রে খবর, অতিরিক্ত অর্থের অনুমোদন না মেলায় থমকে রয়েছে নির্মাণকাজ। দ্রুত ইলেকট্রিক চুল্লির কাজ শেষ করে ঘাটালবাসীর এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানের দাবি উঠছে।
