কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে, নিয়োগে রাষ্ট্রপতির অনুমোদন

breakingnews আইন রাজ্য

নিউজপোল ব্যুরো: কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হতে চলেছেন বম্বে হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশে তাঁর নিয়োগে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন।

বর্তমানে বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছেন বিচারপতি ঘুগে। ২০২৬ সালের জুন মাসে তাঁকে ওই দায়িত্ব দেওয়া হয়েছিল। তার আগে ২০১৩ সালের ২১ জুন বম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি।

দীর্ঘ আইনজীবী জীবনের পর বিচারপতির দায়িত্বে আসেন ঘুগে। ১৯৯০ সালে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। প্রথম দিকে শ্রমিক ইউনিয়নের হয়ে প্রায় দু’হাজার মামলায় সওয়াল করেছেন। পরবর্তীতে বিভিন্ন শিল্প সংস্থা ও বহুজাতিক সংস্থার হয়েও মামলা লড়েছেন।

প্রায় ১৬ বছর পর ফের বম্বে হাইকোর্ট থেকে কোনও বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিতে চলেছেন। এর আগে ২০১০ সালের জুনে বিচারপতি জৈনারায়ণ প্যাটেল বম্বে হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন।

কলকাতা হাইকোর্টের পাশাপাশি দেশের আরও সাতটি হাইকোর্টেও নতুন প্রধান বিচারপতি নিয়োগে অনুমোদন দিয়েছে কেন্দ্র।