স্ত্রী ক্যানসার আক্রান্ত, বিদেশযাত্রা আটকাতে বিমানে হাইজ্যাকের হুমকি! গ্রেফতার পার্থ প্রতিম

কলকাতা রাজ্য

নিউজপোল ব্যুরো: ব্যক্তিগত জীবনের কঠিন পরিস্থিতি সামাল দিতে গিয়ে এবার বড়সড় বিপাকে সোদপুরের বাসিন্দা পার্থ প্রতিম নন্দী। অসুস্থ স্ত্রীকে বাড়িতে একা রেখে আফ্রিকায় চাকরি করতে যাওয়ার ইচ্ছা ছিল না তাঁর। আর সেই কারণেই কলকাতা-মুম্বাইগামী বিমানে হাইজ্যাকের ভুয়ো হুমকি দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। বুধবার রাতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

হুমকির বার্তা সামনে আসতেই বিমানবন্দরে শুরু হয় তৎপরতা। যাত্রীদের নামিয়ে বিমানটিকে নির্দিষ্ট নিরাপত্তা এলাকায় নিয়ে যাওয়া হয়। সিআইএসএফ ও পুলিশ আধিকারিকরা দীর্ঘক্ষণ তল্লাশি চালান। তবে কোনও বিস্ফোরক মেলেনি। তদন্তে যাত্রীদের হাতের লেখা পরীক্ষা করার পাশাপাশি তাঁদের ব্যাগ ও মানিব্যাগও খতিয়ে দেখা হয়। সেখান থেকেই সন্দেহ বাড়ে পার্থ প্রতিমকে ঘিরে।

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার AI2772 বিমানটি ১০৫ জন যাত্রী নিয়ে মুম্বাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় বিমানের পিছনের শৌচাগারে একটি সাদা কার্ড উদ্ধার করেন। তাতে ইংরেজিতে লেখা ছিল, “AI 2772 WILL BE HIJACKED ON 11\11”। অর্থাৎ, ১১ নভেম্বর বিমানটি ছিনতাই করা হবে বলে হুমকি দেওয়া হয়।

এরপরই তৎপর হয়ে ওঠেন পাইলট ও বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে গিয়ে যাত্রীদের নামানো হয়। সিআইএসএফ, পুলিশ-সহ একাধিক নিরাপত্তা সংস্থা বিমানে তল্লাশি চালায়। যদিও কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ও তাঁর স্ত্রী দু’জনেই ক্যানসারে আক্রান্ত। স্ত্রীকে ছেড়ে বিদেশে যেতে অনিচ্ছুক ছিলেন তিনি। পুলিশের দাবি, “বিমান দেরিতে ছাড়লে পরবর্তী আন্তর্জাতিক উড়ান ধরতে সমস্যা হবে”—এই উদ্দেশ্যেই ভুয়ো হুমকি দেন অভিযুক্ত। প্রায় পাঁচ ঘণ্টা ব্যাহত থাকার পর বিকেল ৫টা নাগাদ বিমানটি মুম্বাই রওনা দেয়।