নিউজপোল ব্যুরো: প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। লরেন্স বিষ্ণোই গ্যাং ৭ কোটি টাকার দাবি করে ফোনে হুমকি দেয় বলে অভিযোগ। টাকা না দিলে কেজরিওয়াল এবং তাঁর মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি।
আপ বিধায়ক জার্নাইল সিংয়ের অভিযোগ, তিনি একটি ফোন কল এবং একটি হোয়াটসঅ্যাপ বার্তা পেয়েছেন। হুমকিদাতা নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দেয়। এমনকী তাদের সঙ্গে বিদেশের যোগাযোগ রয়েছে বলে জানা গেছে।
গত ৬ নভেম্বর পঞ্জাবের মোহালিতে পুলিশের কাছে যে অভিযোগ করা হয়েছে সেখানে জার্নাইল সিং জানিয়েছে ৭ কোটি টাকা দাবি করা হয়েছে।তাঁর অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু হয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সাইবার ক্রাইম ইউনিটের সুনীল কুমার নামক এক অধিকারীককে।
পুলিশ সূত্রে খবর, হুমকির ঘটনায় ব্যবহৃত মোবাইল নম্বরের কল রেকর্ড, ইন্টারনেট প্রোটোকল লগ এবং লোকেশন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। কেজরিওয়াল ও তাঁর পরিবারের নিরাপত্তার কথাও ভাবা হচ্ছে।কয়েক মাস পরেই পঞ্জাবে বিধানসভা নির্বাচন। তার আগে এই ঘটনায় রাজনৈতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে।
