নিউজপোল ব্যুরো: বৃহস্পতিবার অফিসের ব্যস্ত সময়েই আচমকা থমকে গেল হাসনাবাদ-শিয়ালদহ শাখার ট্রেন চলাচল। বসিরহাটের ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল ধরা পড়তেই সতর্কতামূলক ব্যবস্থা নেয় রেল কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। এক ঘণ্টারও বেশি সময় পরিষেবা ব্যাহত থাকায় চরম সমস্যায় পড়েন অফিসযাত্রী ও সাধারণ মানুষ।
বিষয়টি বুঝতে পেরেই স্থানীয় এক ব্যক্তি রেল কর্তৃপক্ষকে খবর দেন। খবর পৌঁছায় স্টেশনমাস্টার এবং জিআরপির কাছেও। ততক্ষণে ওই লাইনে একটি ট্রেন স্টেশনে ঢোকার কথা ছিল। বিপদের আশঙ্কায় তড়িঘড়ি সিগন্যাল লাল করে দেওয়া হয়। ফলে প্ল্যাটফর্মে ঢোকার আগেই দাঁড়িয়ে যায় ট্রেনটি।
এরপরই শুরু হয় রেললাইন মেরামতির কাজ। রেলকর্মীরা দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে পরিষেবা বন্ধ থাকায় ওই শাখার একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। অনেক যাত্রী বাধ্য হয়ে ট্রেন থেকে নেমে বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।
ফাটল নজরে আসার পরই প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ। দ্রুত মেরামতির কাজ শেষ করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে অফিসের ব্যস্ত সময়ে এই ঘটনায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়।
