নিউজপোল ব্যুরো: পুরসভা নির্বাচন নিয়ে আইনি টানাপোড়েনের মধ্যেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আদালতের নির্দেশে আপাতত ভোট প্রক্রিয়া থমকে থাকলেও পুরসভাগুলির কাজকর্ম বন্ধ রাখতে নারাজ রাজ্য সরকার। তাই আগামী ১ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জট না কাটলে প্রশাসনিক দায়িত্ব সামলাতে কো-অর্ডিনেটর নিয়োগের পথে হাঁটবে সরকার। কারা এই দায়িত্ব পাবেন, সেই বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে ছটপুজো উপলক্ষে হাওড়ার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা নির্বাচনে পরাজয়ের আশঙ্কা করছেন, তাঁরাই আদালতে গিয়ে ভোট প্রক্রিয়া আটকে দিয়েছেন। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে হাওড়ার মানুষ পুর পরিষেবা থেকে বঞ্চিত।
শুভেন্দু জানান, হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে রাজ্য। সেখানেও স্বস্তি না মিললে ১ ডিসেম্বর থেকে কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে। তবে সরকারের বিরোধিতা করবেন না, এমন ব্যক্তিদেরই এই দায়িত্ব দেওয়া হবে বলে স্পষ্ট করেছেন তিনি।
কো অর্ডিনেটর সম্পর্কে শমীক ভট্টাচার্যের বক্তব্য আমরা নিশ্চয় সিপিএমের অফিস থেকে কাউকে নিয়ে আসব না, বা তৃণমূলের চিহ্নিত দুর্নীতিবাজদের বসাব না।
