সাতসকালে অভিষেকের বাড়ির সামনে বুলডোজার! খুলে ফেলা হল লোহার গেট, উধাও ছাউনি

রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: সকাল বেলায় কালীঘাটের চেনা ছবিতে বদল। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বুলডোজার নিয়ে হাজির কলকাতা পুরসভার কর্মীরা। এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর নিরাপত্তা রক্ষীদের থাকার জন্য এই শেড নির্মাণ করেছিল। তিনি জেড প্লাস নিরাপত্তার বন্ধনীতে থাকতেন। কালীঘাট রোডের ফুটপাথ দখল করে তৈরি হওয়া অস্থায়ী রোড সরিয়ে দেওয়া হয়।

অভিষেকের বাড়ির সামনে ভেঙে সরিয়ে দেওয়া হল অস্থায়ী ছাউনি। খুলে ফেলা হল লোহার গেটও। কয়েক ঘণ্টার অভিযানে সম্পূর্ণ খালি করে দেওয়া হল ফুটপাথের ওই অংশ। তবে বর্তমানে ওই ছাউনির প্রয়োজন না থাকায় সেটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল থেকেই শুরু হয়েছিল এই কাজ। এদিন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালায় পুরসভা।

গ্যাস কাটার দিয়ে লোহার কাঠামো কেটে খুলে ফেলা হয়। এরপর পুরসভার গাড়িতে করে সরিয়ে নিয়ে যাওয়া হয় ভাঙা অংশ। এই অভিযান নিয়ে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। তৃণমূলের মুখপাত্র বৈশ্বানর বলেন, “আক্রোশ থেকে করছে। আমরাই খুলে দিয়েছি গেটটাকে। এই নিয়ে কথা হওয়ায় সেটা সরিয়েও দিয়েছি। আর অভিষেক তো সাংসদ। ওঁর তো নিরাপত্তার একটা ব্যাপার আছে। মানুষ বিচার করবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা।” যদিও এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।