নিউজপোল ব্যুরো: নভেম্বরের মাঝামাঝি সময়ে রাজ্যের আবহাওয়ায় যেন বদলের ছবি। ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ, অন্যদিকে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে একাধিক জেলায়। বুধবারের পর বৃহস্পতিবারও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস ঘিরে আবহাওয়া নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশের মুখ ভার। কোথাও কোথাও হালকা বৃষ্টির পরিস্থিতিও তৈরি হয়েছে।
আবহাওয়া সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও মালদা জেলাতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হিমালয় সংলগ্ন এলাকায় ১৩ নভেম্বর পর্যন্ত বৃষ্টি ও তুষারপাত চলতে পারে। এর পাশাপাশি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ১৩ নভেম্বর নাগাদ একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ১৪ নভেম্বরের আশপাশে সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। সব মিলিয়ে শীতের মধ্যে বৃষ্টি প্রভাব বাড়বে। আগামী দিনে এই নিম্নচাপ প্রভাব পড়বে বাংলায়।
