নিউজ পোল ব্যুরো : ভোট যত এগিয়ে আসে ততই বাড়ে প্রতিশ্রুতির বন্যা। সেই সঙ্গে ভোট ব্যাংক বৃদ্ধি করতে উপচে পরে উপহার। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। ভোট যুদ্ধের প্রস্তুতি চলছে জোর কদমে। এই আবহেই মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar ) করেছেন বড় ঘোষণা। একলাফে মিড ডে মিল রাঁধুনী, স্কুলের নিরাপত্তারক্ষী থেকে ফিজিক্যাল ইনস্ট্রাকটরদের বেতন দ্বিগুণ (Double Pay) করে দিয়েছেন।
বিধানসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে স্কুলগুলিতে নিযুক্ত রাঁধুনি, নিরাপত্তারক্ষী, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য প্রশিক্ষকদের বেতন দ্বিগুণ বৃদ্ধির ঘোষণা করেছে নীতিশ কুমারের নেতৃত্বাধীন বিহার সরকার। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ হারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার লিখেছেন, “২০০৫ সালের নভেম্বরে সরকার গঠনের পর থেকে আমরা শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। ২০০৫ সালে মোট শিক্ষা বাজেট ছিল ৪,৩৬৬ কোটি টাকা, যা এখন বেড়ে ৭৭,৬৯০ কোটি টাকা হয়েছে। বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ, নতুন স্কুল ভবন নির্মাণ এবং মৌলিক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।” শিক্ষা ব্যবস্থায় সহায়ক কর্মীদের অবদানের স্বীকৃতি জানিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, “শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে রাঁধুনি, নৈশপ্রহরী এবং শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য প্রশিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই বিষয়টি মাথায় রেখে, আমরা সম্মানের নিদর্শন হিসেবে তাদের বেতন দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছি।”
আরও পড়ুন : Starlink : রইল না আর কোনও বাধা, এলন মাস্কের স্টারলিংক পেয়ে গেল ভারতে স্যাটেলাইট ইন্টারনেটের অনুমতি
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, মিড-ডে মিল প্রকল্পের আওতায় কর্মরত রাঁধুনিদের মাসিক বেতন ১,৬৫০ টাকা থেকে বৃদ্ধি করে ৩,৩০০ টাকা করা হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে নিয়োজিত নিরাপত্তারক্ষীরা এখন প্রতি মাসে ১০,০০০ টাকা পাবেন, যা আগের ৫,০০০ টাকা ছিল। একইভাবে, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য প্রশিক্ষকদের বেতন ৮,০০০ টাকা থেকে দ্বিগুণ (Double Pay) করে ১৬,০০০ টাকা করা হয়েছে। সংশোধিত বেতনের পাশাপাশি, তাদের বার্ষিক বেতন বৃদ্ধিও ২০০ টাকা থেকে বৃদ্ধি করে ৪০০ টাকা করা হয়েছে। বেতন বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, “এটি কর্মরত কর্মীদের মনোবল বৃদ্ধি করবে এবং তারা আরও উৎসাহ ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করবে।” তবেই এটাই প্রথম নয়। ভোটমুখী রাজ্যে নির্বাচনের আগে, প্রচারের অংশ হিসেবে, নীতীশ কুমার ১ আগস্ট থেকে সকল পরিবারের জন্য ১২৫ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের ঘোষণা করেছিলেন। সেই সঙ্গেই বিহারের স্থায়ী বাসিন্দা মহিলাদের জন্য সরকারি চাকরিতে ৩৫ শতাংশ সংরক্ষণেরও ঘোষণা করেছেন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://youtube.com/@thenewspole
