Mitali Bag: নির্বাচনী প্রচারে উত্তেজনা, আরামবাগে সাংসদের গাড়ি লক্ষ্য করে হামলার দাবি

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: আরামবাগে (Arambag) নির্বাচনী প্রচারের শেষ দিনে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছাল। সোমবার সকালে প্রচার চলাকালীন তৃণমূল কংগ্রেসের সাংসদ মিতালি বাগের (Mitali Bag) উপর হামলার অভিযোগ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্ধারিত সভার কয়েক ঘণ্টা আগে। অভিযোগ, গোঘাট হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় সাংসদের গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়। এতে গাড়ির কাচ ভেঙে যায় এবং সাংসদ আতঙ্কিত হয়ে পড়েন। পরে তাঁকে (Mitali Bag) দ্রুত আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পর সংবাদমাধ্যমের সামনে আবেগপ্রবণ হয়ে পড়েন মিতালি বাগ। তিনি জানান, আচমকা হামলায় তিনি ভীষণভাবে ভয় পেয়ে যান। তাঁর (Mitali Bag) দাবি, গাড়ির উপর একাধিক বড় পাথর ছোড়া হয়েছিল এবং অল্পের জন্য বড় বিপদ এড়ানো গেছে। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করা হয়েছে। তাদের অভিযোগ, ভোটের আগে এলাকায় অশান্তি তৈরি করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন:Election Commission : ভোটারকে ভয় দেখালেই ২৪ ঘণ্টায় কড়া ব্যবস্থা, ওসি-আইসিকে হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

অন্যদিকে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। দলের দাবি, পুরো ঘটনাটি রাজনৈতিক সহানুভূতি আদায়ের উদ্দেশ্যে সাজানো নাটক। বিজেপির এক মুখপাত্র বলেন, নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকেই তৃণমূল এমন অভিযোগ সামনে আনছে। তাঁর মতে, সাধারণ মানুষ এসব বিষয় সহজে বিশ্বাস করবে না।

এদিকে একই দিনে গোঘাট এলাকায় বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের গাড়িতেও হামলার অভিযোগ ওঠে। বিজেপির দাবি, তৃণমূল সমর্থকরাই গাড়ির কাচ ভেঙে দেয়। ঘটনাকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় লাঠি ও বাঁশ হাতে বিক্ষোভ দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ভোটের আগে এই সংঘর্ষ রাজনৈতিক আবহকে আরও উত্তপ্ত করে তুলেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole