নিউজ পোল ব্যুরো: ভোটারদের ভয় দেখানো বা ভোটদানে বাধা দেওয়ার ঘটনায় শূন্য সহনশীলতার নীতি নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে এ ধরনের অভিযোগ সামনে এলে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট থানার ওসি বা আইসি-কে কঠিন পরিণতির মুখে পড়তে হবে। দ্বিতীয় তথা শেষ দফার ভোটের প্রচার শেষ হওয়ার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে উচ্চপর্যায়ের বৈঠক করে কমিশন, যেখানে পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দেওয়া হয় (Election Commission)। কমিশন জানিয়ে দিয়েছে, ভোটের আগেই প্রতিটি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। কোথাও বিস্ফোরক বা বোমা উদ্ধার হলে তা নিয়ে কোনওরকম গাফিলতি চলবে না ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সেটাই কমিশনের প্রধান লক্ষ্য বলে আবারও মনে করিয়ে দেওয়া হয়েছে (Election Commission)।
এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নির্বাচনী আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিরা, স্টেট অবজার্ভার, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, পুলিশ সুপার, ওসি ও আইসি-রা। এছাড়াও ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল এবং বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। ভোটের দিন যাতে কোনও অশান্তি না হয়, তার জন্য একাধিক কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি বুথে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে এবং সেই লাইভ ফুটেজ সরাসরি কমিশনের দফতর থেকে পর্যবেক্ষণ করা হবে। বুথের ভিতরে শুধুমাত্র ভোটার ও দায়িত্বপ্রাপ্ত কর্মীরাই প্রবেশ করতে পারবেন। নিয়ম ভাঙলে বা কমিশনের কাজে বাধা দিলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
পাশাপাশি, বুথ সংলগ্ন সরু রাস্তাগুলিতে নজরদারি বাড়াতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে বাইকে টহল দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এদিন কাকদ্বীপ সফরের পর মনোজ আগরওয়াল জানান, রাজ্যে অবাধ ভোট নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভুয়া ভোট বা হুমকি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। এছাড়া বোমা প্রস্তুতকারীদের ধরতে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। সংশ্লিষ্ট মামলাগুলির তদন্ত এনআইএ করবে বলেও জানানো হয়েছে। প্রার্থী ও তাদের এজেন্টদের সঙ্গেও আলোচনা করে তাদের উদ্বেগের বিষয়গুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে বলে কমিশন সূত্রে খবর।
