Koyel Mallick: ভোটের ময়দানে ‘রঞ্জিত-কন্যা’! মনোনয়নপত্র জমা দিলেন কোয়েল, লড়াই নিয়ে কী বার্তা দিলেন অভিনেত্রী?

রাজ্য

নিউজ পোল ব্যুরো: এতদিন দর্শকের কাছে তিনি পরিচিত ছিলেন বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিসেবে। অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করেছেন তিনি। তবে এবার বিনোদনের জগৎ পেরিয়ে রাজনীতির ময়দানে নতুন অধ্যায় শুরু করলেন বাংলা সিনেমার পরিচিত মুখ কোয়েল মল্লিক (Koel Mallick)। বৃহস্পতিবার বিধানসভায় এসে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার পর হাসিমুখে অভিনেত্রী (Koyel Mallick) জানান, মানুষের পাশে দাঁড়াতে পারলেই তাঁর এই নতুন পথচলা সার্থক হবে।

আরও পড়ুন: Global Oil Market : মধ্যপ্রাচ্যের সংঘাতে হরমুজ়ে অনিশ্চয়তা! তেল-গ্যাসের দাম বাড়ার আশঙ্কায় চাপের মুখে ভারতীয় অর্থনীতি

রাজ্যসভায় তৃণমূলের যে চারজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, তাদের মধ্যে অন্যতম নাম কোয়েল মল্লিকের। এতদিন বিভিন্ন নির্বাচনে তারকা প্রার্থীদের মনোনয়ন দিয়ে রাজনৈতিক মহলে চমক দিয়েছে দলটি। প্রায়ই দেখা গেছে, নির্বাচনের সময় বহু অভিনেতা-অভিনেত্রী সরাসরি রাজনীতির ময়দানে নামেন। কেউ প্রার্থী হন, আবার কেউ দলের প্রচার বা বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

তবে কোয়েল মল্লিককে এতদিন সেইভাবে রাজনৈতিক মঞ্চে সক্রিয়ভাবে দেখা যায়নি। যদিও একসময় তাঁর বাবা, প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)-এর বাড়িতে দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) গিয়েছিলেন উন্নয়ন সংক্রান্ত বই নিয়ে, তবুও প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে কোয়েলের উপস্থিতি খুব একটা দেখা যায়নি। তাই হঠাৎ করে তাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষণার পর রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে বেশ চমক সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার মনোনয়ন জমা দিতে বিধানসভায় আসেন কোয়েল মল্লিক (Koyel Mallick)। তাঁর সঙ্গে ছিলেন স্বামী নিসপাল সিং (Nispal Singh Rane)। তিনি জানান, এই প্রথমবার বিধানসভা ভবনে প্রবেশ করলেন তিনি। নতুন অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী বলেন, এই দায়িত্ব তাঁর কাছে অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ। তিনি সকলের আশীর্বাদ কামনা করেন, যাতে মানুষের জন্য কাজ করতে পারেন এবং তাঁদের পাশে থাকতে পারেন।

নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী, আগামী শুক্রবার মনোনয়নপত্র যাচাই বা স্ক্রুটিনির দিন নির্ধারিত রয়েছে। এরপর ৯ তারিখ পর্যন্ত প্রার্থীরা চাইলে তাঁদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ওই দিনই চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের শংসাপত্র দেওয়া হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole