নিউজ পোল ব্যুরো: হোলির আগে বাজারে মুরগির মাংস কিনতে গিয়ে কার্যত মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে হঠাৎ করেই কমে গিয়েছে মুরগির সরবরাহ। এর প্রধান কারণ, বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে উত্তরবঙ্গ পোল্ট্রি ফেডারেশন। ধর্মঘটের জেরে আলিপুরদুয়ারসহ উত্তরবঙ্গের বহু বাজারেই মুরগির মাংস কার্যত উধাও হয়ে গিয়েছে।
আরও পড়ুন: Election 2026: রাজ্যসভায় মনোনয়ন জমা তৃণমূলের চার জন, , কী বললেন তারা?
পোল্ট্রি ব্যবসায়ীদের অভিযোগ, অসম ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে মুরগি সরবরাহ করতে গিয়ে অসম–বাংলা সীমান্তে এক শ্রেণির দালালের দৌরাত্ম্যে তাঁরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। অভিযোগ, ওই দালালরা প্রতিটি গাড়ি থেকে ১২ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত তোলা আদায় করে। এই তোলাবাজির বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কাছে বহুবার অভিযোগ জানানো হলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেই দাবি ব্যবসায়ীদের। বরং অভিযোগ করতে গিয়ে পোল্ট্রি ফেডারেশনের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। পরিসংখ্যান অনুযায়ী, উত্তরবঙ্গের ছোট-বড় বাজার এবং উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্রতিদিন প্রায় ৫ লক্ষ কেজি মুরগির মাংস বাজারজাত হয়। পাইকারি বাজারে প্রতি কেজি মাংসের দাম প্রায় ১০০ টাকা। ফলে এই ব্যবসায় প্রতিদিন প্রায় ৫ কোটি টাকার লেনদেন হয়। সেই বড়সড় ব্যবসা এখন ধর্মঘটের জেরে কার্যত থমকে গিয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
পোল্ট্রি ফেডারেশনের এই আন্দোলনের প্রভাব পড়েছে হাজার হাজার মানুষের জীবিকায়। উত্তরবঙ্গের প্রায় ২৫ হাজার মুরগি ব্যবসায়ী এই পরিস্থিতিতে সমস্যার মুখে পড়েছেন। একই সঙ্গে লোকসানের আশঙ্কায় দিন গুনছেন মাংস ব্যবসায়ীরাও। একদিনেই কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আলিপুরদুয়ার পোল্ট্রি ফেডারেশনের মুখপাত্র সুকান্ত ব্রহ্ম বলেন, দালালদের দৌরাত্ম্যে তাঁদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। দীর্ঘদিন ধরে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে সমস্যার কথা জানানো হলেও কোনও সমাধান হয়নি। তাই এবার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে এই আন্দোলনের পথ বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে, আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার শাহ জানিয়েছেন, অভিযোগ উঠেছে যখন, তখন বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে।
