Election 2026: রাজ্যসভায় মনোনয়ন জমা তৃণমূলের চার জন, , কী বললেন তারা?

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনীতিতে এখন চর্চার কেন্দ্রবিন্দু চূড়ান্ত ভোটার তালিকা। বিশেষ করে এসআইআর প্রক্রিয়াকে ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, এই প্রক্রিয়ায় বাংলার বহু বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। আবার বহু ভোটারকে ‘বিচারাধীন’ হিসেবেও তালিকাভুক্ত করা হয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। এই আবহের মধ্যেই বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করলেন তৃণমূল কংগ্রেসের চার প্রার্থী।

আরও পড়ুন:Mamata Banerjee : নাগরিকত্ব ইস্যুতে ফের রাজনৈতিক তরজা! মতুয়াদের নিয়ে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর

এদিন বিধানসভায় উপস্থিত হয়ে মনোনয়ন জমা দেন গায়ক-রাজনীতিক বাবুল সুপ্রিয়, বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং প্রাক্তন পুলিশ কর্তা রাজীব কুমার। চারজন প্রার্থীকে ঘিরেই ছিল সংবাদমাধ্যমের বিশেষ নজর। মনোনয়ন জমা দেওয়ার পর প্রত্যেকেই তাঁদের অনুভূতি প্রকাশ করেন। প্রসঙ্গত, আগামী এপ্রিল মাসেই শেষ হচ্ছে সুব্রত বক্সি, সাকেত গোখেল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিকাশরঞ্জন ভট্টাচার্যের রাজ্যসভার মেয়াদ। এর আগেই সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন মৌসম বেনজির নূর। বর্তমান বিধায়ক সংখ্যার নিরিখে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের চারজন এবং বিজেপির একজন প্রার্থী নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে লোকসভা ও বিধানসভায় কোনও প্রতিনিধি না থাকায় রাজ্যসভাতেও বাংলার প্রতিনিধিত্ব হারাতে চলেছে বামফ্রন্ট।

মনোনয়ন জমা দিতে স্বামী নিসপাল সিং রানির সঙ্গে বিধানসভায় আসেন অভিনেত্রী কোয়েল মল্লিক। মনোনয়ন জমা দিয়ে তিনি বলেন, আজ থেকেই তাঁর নতুন যাত্রা শুরু হল। গত ২২ বছর ধরে তিনি মানুষের ভালোবাসা পেয়েছেন এবং ভবিষ্যতেও সবার আশীর্বাদ নিয়ে দায়িত্ব পালন করতে চান।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

অন্যদিকে প্রাক্তন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার মনোনয়নের পর বলেন, তিনি বিশ্বাস করেন ঈশ্বর কখনও এমন দায়িত্ব দেন না যা মানুষ পালন করতে পারে না। সেই বিশ্বাস নিয়েই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করছেন। এছাড়াও মনোনয়ন জমা দিয়ে আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন, এই সুযোগ পেয়ে তিনি গর্বিত ও সম্মানিত বোধ করছেন। অন্যদিকে বাবুল সুপ্রিয় জানান, মঞ্চ যাই হোক না কেন, পারফরম্যান্সই শেষ কথা। গানের জগত থেকে রাজনীতি—সব ক্ষেত্রেই তিনি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন, রাজ্যসভাতেও সেই ধারাই বজায় রাখবেন।