নিউজ পোল ব্যুরো: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে শিল্পোন্নয়নের ক্ষেত্রে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পে (MSME) বিনিয়োগ বাড়াতে এবং কর্মসংস্থান তৈরির উদ্দেশ্যে পশ্চিম বর্ধমানের আসানসোলের (Asansol) ধর্মায় গড়ে উঠছে আধুনিক ও সুপরিকল্পিত একটি নতুন শিল্প পার্ক (Industrial Park)। প্রায় ৭ একর জমির উপর পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে নির্মিত এই পার্কের পরিকাঠামোগত কাজ শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। সরকারি প্রশাসনের তথ্য অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর নবান্নের পক্ষ থেকে একটি বৃহৎ শিল্প সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সেই সম্মেলনেই এই নতুন শিল্পতালুকটিকে সম্ভাব্য দেশি–বিদেশি বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করা হবে। সরকারের আশা, এই পার্কের (Industrial Park) আধুনিক পরিকাঠামো এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা বিনিয়োগকারীদের আকর্ষণ করবে এবং এই অঞ্চলে শিল্প গড়ে তোলার নতুন দিক খুলে দেবে।
শিল্প দফতরের আধিকারিকরা জানাচ্ছেন, ধর্মার এই পার্ক চালু হলে পশ্চিম বর্ধমানের শিল্প বিনিয়োগ মানচিত্রে আমূল পরিবর্তন আসবে। উদ্যোক্তাদের জন্য থাকবে প্রয়োজনীয় বিদ্যুৎ সংযোগ, সুশৃঙ্খল রাস্তাঘাট, জল সংযোগ, নিরাপত্তা ব্যবস্থা এবং পরিবেশবান্ধব শিল্প চত্বর। পাশাপাশি গড়ে তোলা হচ্ছে সাধারণ পরিষেবা কেন্দ্র, গুদামঘর এবং ব্যবসায়িক সহায়ক কেন্দ্র (Business Facilitation Centre), যা নতুন উদ্যোক্তাদের বিশেষভাবে সাহায্য করবে। এক শীর্ষ সরকারি আধিকারিকের কথায়, “ধর্মার এই প্রকল্প শুধু একটি সাধারণ শিল্প পার্ক (Industrial Park) নয়; আগামী দিনে এটি পশ্চিম বর্ধমানের অন্যতম শক্তিশালী শিল্পকেন্দ্র হয়ে উঠবে। বিনিয়োগ বাড়লে শিল্পায়নের সঙ্গে সঙ্গে কর্মসংস্থানও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
রাজ্য সরকারের মতে, ক্ষুদ্র ও কুটির শিল্পে (Small & Cottage Industries) বিনিয়োগ বাড়াতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা নেবে। উদ্যোক্তাদের সহজে জমি বরাদ্দ, প্রকল্প অনুমোদন এবং আর্থিক–ব্যবস্থাপনা সহায়তার ব্যবস্থা শিগগিরই চালু করা হবে। আসানসোল অঞ্চলের পুরনো শিল্প ঐতিহ্য, রেল–সড়ক পরিবহণ সুবিধা এবং শ্রমশক্তির ওপর নির্ভর করে ধর্মার এই নতুন শিল্প পার্ক (Industrial Park) আগামী দিনে পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান শিল্প গন্তব্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে বলে প্রশাসনের দাবি।
