নিউজ পোল ব্যুরো:বিজেপি শাসিত তথা ডবল ইঞ্জিন সরকার পরিচালিত রাজ্যগুলিতে যখন তীব্র কর্মসংস্থান সংকট দেখা দিয়েছে, তখন বাংলার নিয়োগ পরীক্ষায় ভিনরাজ্যের পরীক্ষার্থীদের ভিড় এক নতুন সমীকরণ তুলে ধরল। রবিবার পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তত্ত্বাবধানে প্রথম স্কুল সার্ভিস লেভেল সিলেকশন টেস্ট (অ-শিক্ষক কর্মী), ২০২৫-এর গ্রুপ-ডি পদের নিয়োগ পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করার পাশাপাশি প্রতিবেশী রাজ্যগুলির কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেন।
আরও পড়ুন:https://thenewspole.com/2026/03/08/abhishek-banerjee-counter-amit-shah-mathurapur-rally/#like-55882
শিক্ষামন্ত্রী (Bratya Basu) জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা অক্ষরে অক্ষরে পালন করে কমিশন এই ৫৪০০-এর বেশি শূন্য পদের জন্য লিখিত পরীক্ষা গ্রহণ করেছে। মোট ৮ লক্ষ ১৭ হাজার ৩৪ জন নথিভুক্ত পরীক্ষার্থীর মধ্যে প্রায় ৮৬ শতাংশ পরীক্ষার্থী ১৭০৭টি কেন্দ্রে উপস্থিত ছিলেন। তবে এই পরিসংখ্যানের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ভিনরাজ্যের পরীক্ষার্থীদের অংশগ্রহণ। ব্রাত্য বসু জানান, এই পরীক্ষায় ২৭৫১ জন পরীক্ষার্থী অন্যান্য রাজ্যের, যার মধ্যে বড় একটি অংশ উত্তরপ্রদেশ এবং বিহারের বাসিন্দা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
শিক্ষামন্ত্রীর মতে, যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বেকারত্বের সূচক ক্রমাগত ঊর্ধ্বমুখী, সেখানে বাংলায় নিয়মিত এবং স্বচ্ছভাবে নিয়োগ পরীক্ষা হওয়ার কারণেই ভিনরাজ্যের প্রার্থীরা এখানে চাকরির আশায় আসছেন। তিনি আরও উল্লেখ করেন যে, বিরোধী পক্ষের নানা অপপ্রচার সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা যে অটুট, ভিনরাজ্যের পরীক্ষার্থীদের এই ভিড় তারই প্রমাণ। বাংলার এই অবস্থানকে মহিমান্বিত করে তিনি লেখেন, মাননীয়া মুখ্যমন্ত্রীর অভিভাবকত্বে বাংলা আজ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের ভরসার স্থল। চণ্ডীদাসের অমর বাণী ‘সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই’ উদ্ধৃত করে তিনি বুঝিয়ে দেন যে, বাংলা আজও কর্মসংস্থান ও মানবিকতার নিরিখে সারা দেশকে পথ দেখাচ্ছে।
