নিউজ পোল ব্যুরো:ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানালেন। তিনি দাবি করেন, ভোটার তালিকা ও নাগরিকত্ব ইস্যুতে ‘পিছনের দরজা দিয়ে এনআরসি’ চালানোর ষড়যন্ত্র চলছে। সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূলের নয়, সিপিএমসহ সকল ভোটারের অধিকার রক্ষায় আন্দোলনে নামেছেন।
ঋতব্রত (Ritabrata Banerjee) বলেন, “আসল ভোটারের নাম কেটে দিয়ে পিছন থেকে এনআরসি করার ষড়যন্ত্র চলছে। নির্বাচন কমিশনও এ ব্যাপারে নিরপেক্ষ নয়।” বিশেষ করে এসআইআর প্রক্রিয়ায় মাইক্রো অবজ়ারভার নিয়োগের বিষয়ে তিনি প্রশ্ন তোলেন।
তিনি আরও উল্লেখ করেন, এই আন্দোলন কোনও এক রাজনৈতিক দলের জন্য নয়, বরং সাধারণ ভোটারদের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য। “মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূলের ভোটারদের জন্য নয়, সিপিএম বা নোটা ভোটারদের অধিকারও রক্ষার জন্য ধর্না দিচ্ছেন।”
বক্তৃতার সময় ঋতব্রত সাংস্কৃতিক আক্রমণের অভিযোগও তোলেন। তাঁর দাবি, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর মতো বাংলার মনীষীদের অপমান করছে বিজেপি। বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে সম্মান না করে রাজনৈতিক সুবিধা অর্জনের চেষ্টা করছে গেরুয়া শিবির।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
ধর্নামঞ্চে বক্তব্য রাখেন তৃণমূল নেতা প্রতীক-উর রহমানও। তিনি ভারতের বহুত্ববাদী ঐতিহ্যের কথাও স্মরণ করিয়ে দেন। দেশের বিভিন্ন ভাষা, সংস্কৃতি ও ধর্মের মানুষের সহাবস্থানের উপর গুরুত্বারোপ করেন।
প্রতীক-উর বলেন, “এই বৈচিত্রই আমাদের ভারতের শক্তি। কিন্তু বিজেপি, আরএসএস এবং নির্বাচন কমিশন সেই ঐতিহ্য ভেঙে দিতে চাইছে।” নাগরিকত্ব ইস্যুতে তিনি আরও বলেন, “আমরা কোনও কাগজ দেখাব না।” ধর্মতলার ধর্নামঞ্চ থেকেই তৃণমূল নেতৃত্ব বারবার ভোটার তালিকা ও নাগরিকত্বের প্রশ্নে সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
